প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের সরদারহাট গ্রামে গতকাল বুধবার প্রতিপক্ষের হামলায় অঞ্জলী রানী (২৭) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন৷ আহত হয়েছেন আটজন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত অঞ্জলী রানী ওই গ্রামের নিত্যরঞ্জনের স্ত্রী।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, পাঁচ-ছয় বছর ধরে নিত্যরঞ্জনের সঙ্গে জমির সীমানা নিয়ে সরদারহাট উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষের বিরোধ চলছিল। গতকাল দুপুর ১২টার দিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লুৎফর রহমানের ছেলে সেলিম মিয়া ও তাঁর ভাতিজা লেলিন মিয়া বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে যান। এ সময় নিত্যরঞ্জন ও তাঁর স্ত্রী অঞ্জলী রানী বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সেলিম মিয়া, লেলিন মিয়া ও তাঁদের লোকজন নিত্যরঞ্জন ও তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর করেন। স্থানীয় লোকজন তাঁদের বাঁচাতে এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। এ ঘটনায় নয়জন আহত হন। এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে অঞ্জলী রানী মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। গতকাল রাতে এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত থানায় মামলা হয়নি।
এদিকে অঞ্জলী রানীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদের ওপর চড়াও হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবদুল হামিদকে আটক করে থানায় নিয়ে আসে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।