বগুড়ার কাহালু উপজেলার পল্লিতে সেচ স্কিম নিয়ে বিরোধের জের ধরে গত ২৯ এপ্রিল ভোরে প্রতিপক্ষের হামলায় চার ব্যক্তি আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, কাহালুর দুর্গাপুর ইউনিয়নের ধলাহার গ্রামে সামসুল প্রাংয়ের সঙ্গে একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের সেচ স্কিম নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন ভোরে সামসুল প্রাং তাঁর জমিতে যাওয়ার সময় মোয়াজ্জেম হোসেন লোকজন নিয়ে অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। সামসুলের চিৎকার শুনে তাঁর বড় ভাই আফজাল হোসেনসহ অন্যরা এগিয়ে এলে প্রতিপক্ষ তাঁদের ওপরও হামলা চালায়। এতে আফজাল হোসেন (৪৮), তাঁর মা আফসোন বেওয়া (৭০), ভাতিজা আরিফ (২২) ও শান্ত (১৫) মারাত্মক আহত হয়। তাঁদের কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আফজালের অবস্থার অবনতি ঘটলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়।কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এ ব্যাপারে সামসুল প্রাং বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।