চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিরা হলেন, অমিত কুমার বসু ও মোস্তাফিজুর রহমান। তাঁরা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। দুজনই শাটল ট্রেনের বগিভিত্তিক পক্ষ ‘চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার’-এর (সিএফসি) নেতৃত্ব দিয়ে আসছেন।অমিত কুমার বসু প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগত কাজে ক্যাম্পাসে গেলে অপর পক্ষের সাঈদ, মিশু, রবিনসহ ১০-১২ জন অতর্কিতভাবে লোহার পাইপ নিয়ে আমাদের মারধর করে। এতে মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছি। আগামীকাল (আজ রোববার) এ বিষয়ে প্রক্টরকে আমরা লিখিত অভিযোগ দেব।’হামলার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ নাসিম হাসান। তিনি বলেন, ‘অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুনুল হক বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।’