প্রতিপক্ষের হামলায় ছয়জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের নাগদাহ গ্রামে গতকাল মঙ্গলবার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ছয়জন আহত হয়েছে। এ সময় বসতবাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই গ্রামের মৃত কেরামত আলীর জামাই শামসুল হক দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন। তিনি তাঁর স্ত্রী ছকিনা খাতুনের পৈতৃক সূত্রে পাওয়া ও কেনা দেড় একর জমি ভোগদখল করে আসছিলেন। একই গ্রামের মুনছুর আলী ওই জমির অংশীদার দাবি করায় তাঁদের মধ্যে বিরোধ চলছিল। উভয় পক্ষের দুটি মামলা এখন আদালতে বিচারাধীন।গতকাল সকাল সাড়ে সাতটার দিকে মুনছুর আলী ও তাঁর লোকজন লাঠিসোঁঠা নিয়ে শামসুল হকের ওই জমিতে ধান কাটতে যান। এতে বাধা দিতে গেলে শামসুল হক ও ছকিনা খাতুনকে মারধর করা হয়। এ সময় গ্রামের কয়েকজন ব্যক্তি উদ্ধার করতে গেলে মুনছুর আলীর লোকজন তাদেরও মারধর করে। একপর্যায় মুনছুর আলী ও তাঁর লোকজন শামসুল হকের বাড়িতে হামলা চালিয়ে দেড় লাখ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে বাড়িতে অগ্নিসংযোগ করেন। পরে রংপুর ও পীরগাছা থেকে দমকল বাহিনীর কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।পারুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে আজ (বুধবার) একটি বৈঠক করার কথা ছিল। কিন্তু এর আগেই এ ঘটনা ঘটে যায়। গতকাল বিকেলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।