প্রতিপক্ষের হামলায় তরুণ নিহত
খতনার অনুষ্ঠানে নাচতে না দেওয়ার জের ধরে পাবনার বেড়া উপজেলায় গতকাল প্রতিপক্ষের হামলায় মোয়াজ্জেম হোসেন (৩২) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী হামলাকারী তরুণদের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেছে। পুলিশ ও এলাকাবাসীর কয়েকজন জানান, বেড়া পৌর এলাকার বনগ্রাম দক্ষিণ মহল্লায় বুধবার কামরুল ইসলামের ছেলের সুন্নতে খতনা অনুষ্ঠান চলছিল। রাত সাড়ে নয়টার দিকে একই এলাকার মিরাজ (২০), সেলিম (২১), আল-আমিন (১৮), তরুসহ (২০) কয়েকজন তরুণ মদ্যপ অবস্থায় অনুষ্ঠানস্থলে গিয়ে বাজতে থাকা গানের সঙ্গে নাচতে চান। এতে বাড়ির লোকজন আপত্তি জানালে সেখানে তর্কবিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁরা দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে তাঁরা আরও লোকজন নিয়ে অস্ত্রশস্ত্রসহ ওই বাড়িতে এসে হামলা চালান। এলাকাবাসীর কাছ থেকে এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা পালিয়ে যান। এ ঘটনার জের ধরে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ওই তরুণেরা মিরাজ, হাকিম, হজরতসহ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কামরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এ সময় কামরুলের প্রতিবেশী আবদুল আজিজের ছেলে মোয়াজ্জেম হোসেন বাধা দিতে এলে হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা গ্রহণ ও লাশ ময়নাতদন্তের জন্য পাবনায় পাঠানোর প্রস্তুতি চলছে।