প্রতিপক্ষের হামলায় তরুণ নিহত, আহত ৫
জমি নিয়ে বিরোধের জের ধরে রাজশাহীর বাগমারায় প্রতিপক্ষের হামলায় এক তরুণ নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার সমাসপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।নিহত তরুণের নাম আবদুস শুকুর (৩০)। তিনি উপজেলার সমাসপাড়া গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বাগমারা থানা সূত্রে জানা গেছে, সমাসপাড়া গ্রামের সাইদুর রহমান ও শমসের আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার বিকেলে উভয় পক্ষের মধ্যে বচসা হয়। একপর্যায়ে শমসের পক্ষের লোকজন হাঁসুয়া দিয়ে সাইদুরের পক্ষের আবদুস শুকুরকে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। তাঁকে উদ্ধার করতে এলে সাইদুর রহমান, আফজালসহ অজ্ঞাত আরও দুজনকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এ ব্যাপারে গতকাল নিহতের ভাই আবদুস সাত্তার বাদী হয়ে বাগমারা থানায় হত্যা মামলা করেছেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।