খুলনার তেরখাদা উপজেলার আদমপুর এলাকায় গতকাল মঙ্গলবার রাতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কবীর শেখ (৬০) ও আ. জলিল শেখ (৬৫) নামের দুই ভাই খুন হয়েছেন। হামলায় আহত কবীরের স্ত্রী রিনি বেগম (৫০) ও প্রতিবেশী সামাদ ফকিরের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।খুলনা জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পর প্রতিবেশী সেনাসদস্য ফরিদ মোল্লার (৩২) নেতৃত্বে সাত-আটজন যুবক ধারালো অস্ত্র নিয়ে কবীর শেখের ওপর হামলা চালায়। এ সময় সড়কির আঘাত হেনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে জখম করা হয়। কবীর শেখকে রক্ষা করতে গিয়ে স্ত্রী রিনি বেগম, মেজ ভাই জলিল শেখ ও প্রতিবেশী সামাদ ফকির গুরুতর জখম হন। তাঁদের হাসপাতালে নেওয়ার পথে কবীর শেখ মারা যান। অন্য তিনজনকে রাত সাড়ে নয়টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত সোয়া ১০টার দিকে জলিল শেখ মারা যান।গ্রামবাসীর বরাত দিয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, কবীর শেখের ছেলে পিপুল শেখকে বিদেশে পাঠানোর কথা বলে প্রতিবেশী ফরিদ মোল্লা এক বছর আগে দেড় লাখ টাকা নেন। কিন্তু যথাসময়ে পিপুলকে বিদেশে পাঠাতে তিনি ব্যর্থ হন। টাকা ফেরত দেওয়া নিয়েও ফরিদ টালবাহানা শুরু করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ নিয়ে গতকাল এ হামলার ঘটনা ঘটে।ওসি জানান, খুনের ঘটনায় জড়িত সন্দেহে গতকাল রাত ১০টার দিকে তিনজনকে আটক করা হয়েছে। থানায় রেখে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।