পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে খুলনার তেরখাদা উপজেলার আদমপুর এলাকায় প্রতিপক্ষের লোকজন কবীর শেখ (৬০) ও আ. জলিল শেখ (৬৫) নামের দুই ভাইকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ওই রাতেই এ ঘটনায় জড়িত সন্দেহে হামিদ মোল্লা, শামীম মোল্লা ও সুজন মোল্লা নামের তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।তেরখাদা থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রতিবেশী সেনাসদস্য ফরিদ মোল্লার (৩২) নেতৃত্বে সাত-আটজন যুবক ধারালো অস্ত্র ও সড়কি দিয়ে কবীর শেখের ওপর হামলা চালায়। তাঁকে রক্ষা করতে গিয়ে স্ত্রী রিনি বেগম, ভাই জলিল শেখ ও প্রতিবেশী সামাদ ফকিরও গুরুতর জখম হন। তাঁদের হাসপাতালে নেওয়ার পথে কবীর শেখ মারা যান। রিনি বেগম ও জলিল শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত সোয়া ১০টার দিকে জলিল শেখ মারা যান।তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা বলেন, কবীর শেখের ছেলে পিপুল শেখকে বিদেশে পাঠানোর কথা বলে প্রতিবেশী ফরিদ মোল্লা এক বছর আগে দেড় লাখ টাকা নেন। কিন্তু যথাসময়ে ফরিদ মোল্লা পিপুলকে বিদেশে পাঠাতে পারেননি। পরে ফরিদ মোল্লা টাকা ফেরত দিতে টালবাহানা করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব হয়। এর জের ধরেই হামলার ঘটনা ঘটেছে। ফরিদ কুমিল্লা সেনানিবাসের ২ সিগন্যাল ব্যাটালিয়নের করপোরাল পদে কর্মরত।