প্রতিপক্ষের হামলায় নিহত সেনাসদস্যের স্ত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমনিয়া গ্রামে প্রতিপক্ষের দায়ের কোপে নিহত সাবেক সেনাসদস্য সুরুজ মিয়ার আহত স্ত্রী হনুফা বেগম মারা গেছেন। গতকাল সোমবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান। গত রোববার জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন সুরুজ মিয়াকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় তাঁর স্ত্রী হনুফা বেগম গুরুতর আহত হন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য সুরুজ মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী হামিদ আলীর ছেলে রহমত আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রহমত আলীর লোকজন দা, শাবল নিয়ে সুরুজ মিয়ার ওপর অতর্কিতে হামলা চালায়। সুরুজ মিয়ার আত্মচিৎকারে তাঁর স্ত্রী হনুফা বেগম ও ছেলেমেয়েরা ছুটে এলে রহমত আলীর লোকজন তাঁদের ওপরও হামলা চালায়। হাসপাতালে নেওয়ার পথে সুরুজ মিয়া প্রাণ হারান। গুরুতর আহত হনুফা বেগমকে (৪০) সিএমএইচে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বড় ভাই শাহজাহান শেখ বাদী হয়ে রহমত আলী ও তাঁর স্ত্রী আনোয়ারা, সহযোগী রাহিমা, মোস্তফা, আইন উদ্দিন, দুলাল, সফিকুল, বিল্লালসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।মামলার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।