ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী মো. খলিলুর রহমান ও তাঁর সমর্থকদের ওপর গতকাল রোববার প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছেন। এ ঘটনায় খলিলুর রহমানের পাঁচজন সমর্থক আহত হয়েছেন।
খলিলুর রহমান বলেন, উপজেলার চতুরা গ্রামে নিজের ইটভাটায় গতকাল বেলা আড়াইটার দিকে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে বৈঠক করছিলেন। এ সময় ১০-১২ জন যুবক তাঁদের ওপর হামলা চালান। যুবকেরা তাঁর একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। তাঁদের হামলায় তাঁর সমর্থক চতুড়িয়া গ্রামের ওমর আলী, হোসেন আলী, তরিকুল ইসলাম, ববিতা খাতুন ও কেরু মণ্ডল আহত হন। তিনি কোনো রকমে পালিয়ে প্রাণ রক্ষা করেন। তিনি বলেন, তাঁর ধারণা, প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, ওই হামলায় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। তবে কেউ আহত হওয়ার খবর তাঁদের জানা নেই। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।