জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ময়মনসিংহ শহরের আকুয়া চৌরাঙ্গীর মোড় এলাকায় প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. ইব্রাহীম রাকিব আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে বিরোধপূর্ণ ওই জমিতে খুঁটি পোঁতার সময় তাঁর মা রোকেয়া বেগম বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে গেলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রাকিব গুরুতর আহত হন। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। থানার পুলিশ ও আহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, মো. ইব্রাহীম রাকিবের বাবা মৃত আবদুস সুলতান শহরের আকুয়া চৌরাঙ্গীর মোড় এলাকার ইউনুস আলী, আবদুল আজিজ ও ইউসুফ আলীর কাছ থেকে ১৯৯০ সালে ১৮ শতক জমি কেনেন। বিক্রেতা তিনজনকেই যথারীতি মূল্য পরিশোধ করা হলেও আবদুল আজিজ ও ইউসুফ আলী ১২ দশমিক ৫ শতক জমি রেজিস্ট্রি করে আবদুস সুলতানকে মালিকানা বুঝিয়ে দেন এবং পরে মারা যান। অপর দিকে ইউনুস আলীও তাঁর অংশের জমি রেজিস্ট্রি করে দেওয়ার আগেই মারা যান।