প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ওমর আলী (৬৫) নামের এক বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলায় ওমর আলীর মেয়ে অন্তঃসত্ত্বা কুলসুমাও আহত হন। গতকাল রোববার উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের উত্তর মুরাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির ছেলে লুৎফর রহমান জানান, বছর খানেক আগে মনিরামপুর গ্রামের আমিনুলের সঙ্গে ওমর আলীর মেয়ে কুলসুমা বেগমের বিয়ে হয়। আমিনুলের পরিবার এ বিয়ে মেনে নিতে পারেনি। আমিনুলের পরিবারের বিরোধিতায় টিকতে না পেরে কয়েক দিন আগে কুলসুমা বাবার বাড়িতে চলে আসেন।
হাসপাতালে চিকিৎসাধীন সাত মাসের অন্তঃসত্ত্বা কুলসুমা জানান, গতকাল পাশের কাঞ্চনডোবা গ্রামে তাঁর নানিবাড়িতে এই বিরোধ মেটাতে দুই পক্ষের বসার কথা ছিল। তাই সকালে স্বামী আমিনুল, তিনি নিজে ও তাঁর মা মাবিয়া খাতুন কাঞ্চনডোবায় রওনা হন। পথে আমিনুলের সৎ বাবা আনসার আলী (৫৫), তাঁর দুই ছেলে রবিউল (২৫) ও জামিনুর (২৩) এবং প্রতিবেশী আলাউদ্দিন তাঁদের পথ আটকে মারধর করতে থাকেন। খবর পেয়ে কুলসুমার বাবা ওমর আলী ছুটে এলে হামলাকারীরা তাঁকেও মেরে গুরুতর আহত করেন। পরে হাসপাতালে তিনি মারা যান।