রাজধানীর গোড়ানে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গতকাল শনিবার প্রতিপক্ষের হামলায় এক মা তাঁর চার মেয়েসহ আহত হয়েছেন। গুরুতর অবস্থায় মা মমতাজ বেগম (৬০) ও তাঁর মেয়ে রুমা (৩০), মুকুল (২৩), স্বপ্না (২০) ও বেবিকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্র জানায়, মমতাজ বেগম ২০৯ গোড়ানে তিন শতাংশ জমির মালিক। দীর্ঘদিন ধরে তিনি এই জমিতে ঘর তুলে সন্তানদের নিয়ে বসবাস করছেন। গতকাল রাতে মমতাজের চাচাতো ভাই আলমগীরের নেতৃত্বে একদল লোক রড ও লাঠিসোটা নিয়ে তাঁর ঘর দখল করতে যান। এ সময় মমতাজ ও তাঁর মেয়েরা বাধা দিলে আলমগীরের লোকজন তাঁদের পিটিয়ে আহত করে। হাসপাতালে আহত স্বপ্না বেগম দাবি করেন, পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ করতে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন বলেন, ২০৯ গোড়ানের ওই জমি নিয়ে মমতাজ বেগমের সঙ্গে তাঁর চাচাতো ভাই আলমগীরের বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন। তবুও আহতদের পক্ষ থেকে থানায় অভিযোগ নিয়ে এলে মামলা নেওয়া হবে।