পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী সভায় যাওয়ার পথে উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল মাতুব্বরকে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় ইউনিয়নের লোন্দা খেয়াঘাটে এ ঘটনা ঘটে।বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন মৃধা অভিযোগ করেন, ‘ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে আমার নির্ধারিত সভা ছিল। ওই সভায় যোগদানের জন্য উপজেলা বিএনপির নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান ও শ্রমিক দলের সভাপতি জামাল মাতুব্বরসহ দলের অন্য নেতারা কলাপাড়া থেকে সভাস্থলে আসছিলেন। পথে লোন্দা এলাকায় খেয়া পারাপারের সময় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল লতিফ গাজীর ছেলে হাসিব গাজীর নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। হামলায় জামাল মাতুব্বর গুরুতর আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’