জমি নিয়ে বিরোধের জের ধরে গত বুধবার সকালে দিনাজপুর জেলার বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নে শিবপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় সাত নারী গুরুতর আহত হয়েছেন। তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিরা হলেন কৃষক আনিছুর রহমানের স্ত্রী মোসলেমা বেগম (৫০), তাঁর মেয়ে জরিনা খাতুন (৩০) ও ফারজিনা খাতুন (২২), পুত্রবধূ নার্গিস আকতার (২৮) এবং ছোট ভাইয়ের স্ত্রী সাদিকা খাতুন (৩৫), ভাতিজি মাহফুজা খাতুন (২০) ও আনোয়ারা বেগম (১৫)। হাসপাতালে চিকিৎসাধীন মোসলেমা বেগম জানান, বুধবার সকাল সাতটার দিকে পরিবারের পুরুষ সদস্যরা খেতে কাজ করতে গেছেন। এ অবস্থায় পাশের পলাশবাড়ী ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের শাহজাহান, আলমগীর, সৈয়দ আলী, জহুরুল ইসলাম, সেলিম, সামিউলসহ ১৫-২০ জন দা, কুড়াল, কোদালসহ বিভিন্ন দেশি অস্ত্রে সজ্জিত হয়ে আসেন। তাঁরা পুরো ভিটেবাড়ি এলাকা নিজেদের দাবি করে দখল নেওয়ার চেষ্টা করেন এবং বাড়ির চারপাশে ইউক্যালিপটাস গাছের চারা লাগাতে শুরু করেন। এ কাজে বাধা দেওয়ায় তাঁরা পরিবারের সব নারীসদস্যকে বেদম মারপিট করেন। খবর পেয়ে পরিবারের পুরুষেরা মাঠ থেকে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান।গৃহকর্তা আনিছুর রহমান জানান, তিনি পৈতৃক সূত্রে ৬২ শতক জমির এ বাড়ির মালিক। কয়েক বছর আগে ইব্রাহিমপুর গ্রামের এমাজ উদ্দিন ভিটেবাড়ির পুরো ৬২ শতক জমির মালিকানা দাবি করেন। গত বছর বাড়ির ওপর থাকা ছয়টি গাছ কেটে বিক্রি করলে এমাজ উদ্দিন তাঁদের বিরুদ্ধে বিরল থানায় মামলা করেন। সে সময় পুলিশ উভয় পক্ষের দলিল পর্যালোচনা করে এমাজ উদ্দিনের দলিল ঠিক বলে জানিয়ে দেয়। তারপরও এমাজ উদ্দিন দখলের চেষ্টা চালিয়ে যান। এ কারণে গত ১২ মে তিনি দিনাজপুর সহকারী জজ আদালতে ওই জমির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করেন। আদালত ওই দিনই অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করেন। এরপর বুধবার তাঁর সন্ত্রাসী বাহিনী হামলা করেছে।বুধবার বেলা ১১টার দিকে ইব্রাহিমপুর গ্রামে এমাজ উদ্দিনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘরে তালা দেওয়া দেখা গেছে। ঘটনার পর থেকে তাঁরা বাড়ি ছেড়ে গেছেন বলে গ্রামবাসী জানান। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাদের জিলানী জানান, তিনি ঘটনার কথা জেনেছেন। তবে ঘটনাস্থলে যাননি।