প্রতিপক্ষের হামলার শিকার হয়ে গতকাল শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইব্রাহিম মিয়া (৩২) নিহত হয়েছেন। তিনি কুলিয়ারচর উপজেলা যুবলীগের সদস্য।নিহতের পরিবারের সদস্য ও পুলিশ জানায়, উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের নামাপাড়া জামে মসজিদ কমিটি নিয়ে ইব্রাহিম মিয়ার সঙ্গে মসজিদের বর্তমান সভাপতি মো. ফরিদ মিয়ার বিরোধ চলছিল। ফরিদ মিয়া গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।মসজিদ কমিটি গঠনের জন্য জুমার নামাজের পর মসজিদ চত্বরে সভা আহ্বান করা হয়। সভায় ইব্রাহিম মিয়া উপস্থিত ছিলেন। কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে ইব্রাহিম মিয়ার সঙ্গে ফরিদ মিয়ার লোকজনের তর্ক শুরু হয়। একপর্যায়ে ফরিদ মিয়া ও তাঁর সহযোগীরা উঠে এসে ইব্রাহিম মিয়ার গায়ে আঘাত করতে থাকে। এতে ইব্রাহিম মিয়া বুকে গুরুতর আঘাত পান। মুমূর্ষু অবস্থায় ইব্রাহিম মিয়াকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকি ৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মূলত মসজিদ কমিটি নিয়ে চলমান বিরোধের জের ধরে ইব্রাহিম মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে স্থানীয় ফরিদ মিয়াকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।