গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া গ্রামে গতকাল রোববার বিকেলে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের দায়ের কোপে এক সাবেক সেনাসদস্য খুন এবং তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন।নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য সুরুজ মিয়া (৪৫)। তিনি উপজেলার সনমানিয়া গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। সুরুজ মিয়া ৪৯ বেঙ্গল রেজিমেন্টের লেন্স কর্পোরাল ছিলেন। ২০০৯ সালে তিনি অবসরে যান। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সনমানিয়া গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য সুরুজ মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী হামিদ আলীর ছেলে রহমত আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল দুপুরের পর এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রহমত আলীর লোকজন দা, শাবল নিয়ে সুরুজ মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। সুরুজ মিয়ার ডাকচিৎকারে তাঁর স্ত্রী হনুফা বেগম ও ছেলেমেয়েরা ছুটে এলে রহমত আলীর লোকজন তাঁদের ওপরও দা, শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এ সময় উপর্যুপরি দা ও শাবলের কোপের আঘাতে সাবেক সেনাসদস্য সুরুজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। আশপাশের লোকজন গুরুতর আহত হনুফা বেগমকে (৪০) প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সন্ধ্যায় এএসপি সার্কেল সাহেদ আল মাসুদ ও কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন ঘটনাস্থল গিয়ে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে মর্গে পাঠান।নিহত সুরুজ মিয়ার বড় ভাই শাজাহান মিয়া জানান, দীর্ঘদিন ধরে রহমত আলীদের সঙ্গে তাঁর ছোট ভাই সুরুজ মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল জোহরের নামাজ পড়ে সুরুজ মিয়া ওই জমির কলাবাগানে কলাগাছের একটি খুঁটি লাগাতে গেলে রহমত আলীর লোকজন দা, শাবল দিয়ে সুরুজ মিয়াকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে।সনমানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মিজানুর রহমান জানান, সুরুজ মিয়া ও রহমত আলীর বাড়ি কাছাকাছি অবস্থিত। সুরুজের জমিতে লাগানো গাছের কিছু চারা কে বা কারা তুলে ফেলেছে। এ নিয়ে সকালে রহমত আলী ও তাঁর ছেলে মোস্তফাদের সঙ্গে সুরুজ মিয়ার একদফা ঝগড়া হয়েছে। পরে বিকেলে আবারও জমিতে গেলে ওই জমির বিরোধ নিয়ে রহমত আলী ও তাঁর ছেলে মোস্তফাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রহমত আলী গং ধারালো অস্ত্র দিয়ে সুরুজকে আঘাত করলে ঘটনাস্থলেই সুরুজ মারা যান এবং তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রী গুরুতর জখম হন।কাপাসিয়া থানার পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।