প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের ডাঙ্গেরগাঁওয়ে ঝড়ে রেইনট্রিগাছের একটি ডাল ভেঙে পড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা আ. হামিদ (৩২) গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় কটিয়াদী থানায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।জানা যায়, বৃহস্পতিবার সকালে ঝড়ে আ. হামিদের একটি রেইনট্রিগাছের ডাল ভেঙে মুছেন হাজীর পুকুরে পড়ে। ঝড় শেষে আ. হামিদের মা হাজেরা ও ছোট ভাই আলী নেওয়াজ পুকুর থেকে ভাঙা ডাল করে গাছের ডাল নিয়ে চলে যান। কিছুক্ষণ পর আ. হামিদ কটিয়াদীতে আসার পথে মুছেন হাজীর বাড়ির সীমানায় পৌঁছামাত্র পরিকল্পিতভাবে মনু, ধনু, রানা, ইসরাইল, কাসেম, রফিকুল, রংগু, জয়বানু, দিলু ও নবী হোসেন তাঁর ওপর দেশীয় অস্ত্রাদি নিয়ে হামলা চালান। হামিদের চিৎকারে তাঁর মা হাজেরা (৫২), চাচি হেলেনা (৫০), চাচি রিপা (৩০) ও চাচা আ. রহমান (৫৫) তাঁকে উদ্ধারের জন্য ছুটে এলে তাঁদেরও মারধর করা হয়।তাঁদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আ. হামিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।গতকাল সকালে আ. হামিদ চিকিৎসারত অবস্থায় মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই তাঁর লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এ ব্যাপারে আ. হামিদের চাচাতো ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে চিহ্নিত ১৫ জন ও অজ্ঞাত পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল হক বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কটিয়াদী থানার ওসি ফরিদ আহমেদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে।আ. হামিদ করগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন।