কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার মসূয়া ইউনিয়নের বড়মসূয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বরমসূয়া গ্রামের আবদুল মান্নানের সঙ্গে একই এলাকার রায়হান ও আশরাফের জমি নিয়ে বিরোধ ছিল। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে আশরাফ, রায়হান, সিরাজ, শামীম ও মাতু মিয়ার নেতৃত্বে কয়েক শ লোক দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে মান্নানের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির লোকজনকে মারধর করে। তাদের বেঁধে রেখে নির্বিচারে ভাঙচুর ও লুটপাট করে। তারা তিনটি বসতঘরের টিনের চালসহ সব আসবাবপত্র কুপিয়ে তছনছ করে। এ সময় বাড়ির সঙ্গের দুটি দোকানের সব মালামাল, বাড়ির গরু, ছাগল, ধান, স্বর্ণালংকার, নগদ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুট হয় বলে অভিযোগ করেছেন আবদুল মান্নান ও তাঁর চার ছেলে। মান্নানের ছেলে হাশেম অভিযোগ করেন, হামলার পরপরই কটিয়াদী থানা পুলিশকে খবর দেওয়া হয়। কিন্তু দুই ঘণ্টা তাণ্ডব চালিয়ে হামলাকারীরা চলে যাওয়ার পর পুলিশ আসে। মসূয়া ইউপির চেয়ারম্যান আবু বাক্কার হামলা ও ভাঙচুরের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা করছি।’ হামলায় আহত আবদুল মান্নান, তাঁর চার ছেলে আবু হানিফা, আ. হান্নান, হাশেম মিয়া ও মো. শরীফ মিয়া এবং বিলকিস, নাজমুল হোসেন, নিধু মিয়া, রুবেল, রমজান ও নিজাম উদ্দিনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কটিয়াদী থানা পুলিশ এ ঘটনায় সিরাজ, মাতাব, শামীম ও শহীদ নামের চার ব্যক্তিকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে গতকাল শুক্রবার জেলহাজতে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহমেদ গতকাল প্রথম আলোকে জানান, ‘রাতে খবর পেয়ে এএসপি সার্কেল আজবাহার আলী শেখ ও আমি তখনই ঘটনাস্থলে যাই। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।