প্রতিপক্ষের ১৫টি দোকান ভাঙচুর
ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলতলা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী (ওসি) জালাল উদ্দিন আহমেদ জানান, গত বুধবার তেঁতুলতলা বাজারের দাউদ জোয়ারদারের দোকান থেকে স্থানীয় বেড়বাড়ী গ্রামের আবুল হাশেম পলিথিন কেনার পর ১৫ টাকা বাকি রাখতে চান। এতে দাউদ রাজি না হওয়ায় উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। বিষয়টির মীমাংসার জন্য গতকাল সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা তেঁতুলতলা বাজারে সালিস বৈঠকে বসেন।
বৈঠক চলাকালে জনৈক মাতব্বর ইব্রাহিম জামান আবুল হাশেমের পক্ষ নেন। এতে ক্ষুব্ধ হয়ে দাউদের ছেলে পারভেজ ইব্রাহিমকে লাঞ্ছিত করেন। এতে ইব্রাহিম ও দাউদের পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা ১১টার দিকে দুই পক্ষের লোকজনই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারের দুই পাশে অবস্থান নেয়। একপর্যায়ে ইব্রাহিম পক্ষের লোকেরা বাজারে হামলা চালিয়ে প্রায় ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।