প্রতিবছর এসএসসিতে গড়ে ৮৬ জনের ফলাফল পরিবর্তন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোর্ডের গত চার বছরের এসএসসির (মাধ্যমিক পরীক্ষা) পুনর্নিরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিবছর গড়ে প্রায় ৮৬ জনের ফলাফল পরিবর্তন হচ্ছে। সংশ্লিষ্ট পরীক্ষকদের অসতর্কতার কারণেই এভাবে ফলাফলের রদবদল হয়ে থাকে বলে বোর্ড সূত্রে জানা গেছে।গতকাল রোববার প্রকাশিত পুনর্নিরীক্ষার ফলাফলে দেখা যায়, চলতি বছরে ৮৭ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এ ছাড়া ২০১০ সালে ৫১ জন, ২০১১ সালে ১০৫ জন এবং ২০১২ সালে ১০২ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়।এ বিষয়ে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, শাস্তি হিসেবে অভিযুক্ত শিক্ষকদের বিভিন্ন মেয়াদে উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তুলনামূলক বিচারে গত কয়েক বছরের পুনর্নিরীক্ষার ফলাফল সন্তোষজনক। এ হার ক্রমেই কমে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবীণ শিক্ষক বলেন, অভিযুক্ত শিক্ষকদের শাস্তির ক্ষেত্রে আরও কঠোর নীতি অনুসরণ করা উচিত। কারণ প্রতিবছরই এ ধরনের খামখেয়ালির খেসারত দিচ্ছে শিক্ষার্থীরা। তাঁদের সামান্য ভুলের জন্য ভালো পরীক্ষা দিয়েও অনেকের ফলাফল বিপর্যয় ঘটছে, এমনও নজির রয়েছে। বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর পুনর্নিরীক্ষণের জন্য পাঁচ হাজার ৭২৪ জনের আবেদন জমা পড়েছে। এসব পরীক্ষার্থী মোট ১২ হাজার ৯৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করেছে। এদের মধ্যে একজন একাধিক বিষয়েও পুনর্নিরীক্ষার আবেদন জানিয়েছে। এ বছর ৮৯ জনের ফলাফলে রদবদল হয়। কিন্তু দুজন দুই অথবা ততোধিক বিষয়ের মধ্যে একটিতে পাস করায় সার্বিকভাবে ফলাফল পরিবর্তনের সুফল পায়নি। ফলে ফলাফল পরিবর্তন হয় ৮৭ জনের। এদের মধ্যে ২৮ জন ফেল থেকে পাস করেছে। ১৬ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে এবং এদের মধ্যে ফেল করা পরীক্ষার্থীও রয়েছে। গত ১০ থেকে ১৬ মে টেলিটক মুঠোফোনের মাধ্যমে পরীক্ষার্থীরা পুনর্নিরীক্ষার জন্য আবেদন করে।