প্রতিবছর সংস্কার হলেও অল্প দিনে বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বেহাল সড়ক ৪১

দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কটি খানাখন্দে ভরা। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি গত মঙ্গলবার সদর উপজেলার বুড়িরহাট এলাকা থেকে তোলা l প্রথম আলো
শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কটি খানাখন্দে ভরা। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি গত মঙ্গলবার সদর উপজেলার বুড়িরহাট এলাকা থেকে তোলা l প্রথম আলো

২২ কোটি টাকা ব্যয়ে ২০১৪ সালে শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের ৩৫ কিলোমিটার সংস্কার করা হয়। গত বছরও বরাদ্দ হয়েছে ১৩ কোটি টাকা। তবে এরই মধ্যে সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। দুর্ভোগে পড়েছেন যাত্রী, গাড়ির চালক ও ব্যবসায়ীরা।

শরীয়তপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, মাদারীপুরের মস্তফাপুর থেকে ভেদরগঞ্জ উপজেলার আলুর বাজার ফেরিঘাট পর্যন্ত ৬৫ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক সড়কটি ২০০০ সালে নির্মাণ করা হয়। এর মধ্যে শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া বাজার থেকে ফেরিঘাট পর্যন্ত ৩৫ কিলোমিটার। এ সড়ক দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রী ও পণ্যবাহী যানবাহন চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট ব্যবহার করে সহজে চট্টগ্রাম অঞ্চলে যাতায়াত করতে পারে। এর বিকল্প হিসেবে ঢাকা হয়ে চট্টগ্রামে যেতে হয়, যা সময় ও ব্যয়সাপেক্ষ। ২২ কোটি টাকা ব্যয়ে ২০১৪ সালে সড়কের ৩৫ কিলোমিটার সংস্কার করা হয়। গত বছর এ কাজে বরাদ্দ দেওয়া হয় ১৩ কোটি ১৪ লাখ টাকা।

তবে সংস্কারকাজের পরও সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এর বিভিন্ন স্থানে পিচ ঢালাইয়ের পাশাপাশি বিটুমিন ও ইট উঠে গেছে। সামান্য বৃষ্টিতে গর্তে পানি জমে যায়। গর্তে আটকা পড়ে যানবাহন চলাচল বন্ধের ঘটনাও ঘটে।

গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার বুড়িরহাট এলাকায় সড়কের গর্তে একটি ট্রাক আটকে আছে। এক ঘণ্টা চেষ্টার পর ট্রাকটি গর্ত থেকে ওঠানো সম্ভব হয়। ট্রাকচালক বেলায়েত হোসেন বলেন, ‘গোপালগঞ্জ থেকে ভেদরগঞ্জের আলুর বাজার যাচ্ছি। এ সড়ক দিয়ে প্রায়ই যাতায়াত করতে হয়। পুরো সড়ক খারাপ থাকায় গাড়ি চালাতে ভোগান্তিতে পড়তে হয়।’

খুলনা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের চালক মিজানুর রহমান বলেন, এই সড়কে এক দিন গাড়ি চালালে দুই দিন শরীর ব্যথা থাকে। যন্ত্রপাতি ভেঙে গাড়িও বিকল হয়ে যায়।

মাদারীপুরের ব্যবসায়ী মিলন ব্যাপারী বলেন, এ সড়ক দিয়ে চট্টগ্রাম থেকে সহজে পণ্য আনা যায়। কিন্তু সড়কটি খারাপ থাকায় চালকেরা এটি ব্যবহার করতে চাচ্ছেন না। বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করে ঢাকা ঘুরে মালামাল আনা-নেওয়া করতে হচ্ছে।

শরীয়তপুর সওজের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ বলেন, ‘প্রতিবছরই সড়কটি সংস্কার করা হয়, আর নষ্ট হয়ে যায়। গত বছর ১৩ কোটি ১৪ লাখ টাকা দিয়ে কিছু সংস্কার করা হয়েছিল। বৃষ্টিতে তা নষ্ট হয়ে গেছে। এ বছর ৬২ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে, যা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। এখন আমাদের বিটুমিনের কাজ করার সুযোগ নেই। ইট বিছিয়ে সড়কটি সচল রাখতে হবে। সড়কটি নিয়ে আমরা বিব্রতকর অবস্থায় আছি।’

সওজের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাবীবুর রহমান চৌধুরী বলেন, সড়কটি ভারী যানবাহন চলাচলের উপযোগী নয়। ১০-১২ টন পণ্যবোঝাই গাড়ি চলাচলের উপযোগী করে সড়কটি নির্মাণ করা হয়েছিল। এখন ওই সড়ক দিয়ে দ্বিগুণ পণ্যবোঝাই গাড়ি চলাচল করে। এ কারণে মেরামত করার সঙ্গে সঙ্গে সড়কটি খারাপ হয়ে যাচ্ছে। সড়কটি দুই লেন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের দরপত্র আহ্বান করা হয়েছে।