প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যা দিবস পালন করা হবে
প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) পক্ষ থেকে পিলখানা হত্যা দিবস পালন করা হবে। এদিন সব স্থাপনায় বিডিআরের পতাকা অর্ধনমিত রাখা হবে। তবে পিলখানা হত্যা দিবস পালনের সিদ্ধান্ত চূড়ান্ত হলেও পতাকা অর্ধনমিত রাখার বিষয়টি মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে।গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম, অতিরিক্ত সচিব গোলাম হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় জাদুঘরের একটি অংশে নিহত সেনা কর্মকর্তাদের ব্যবহূত জিনিসপত্র রেখে বিডিআর জাদুঘর করার প্রস্তাব রয়েছে। এ ছাড়া সভায় পিলখানা সদর দপ্তরে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।