প্রতিবন্ধকতা অতিক্রম করে এগিয়ে যাবে দেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেছেন, বাংলাদেশের মানুষ বিজ্ঞান ও প্রযুক্তিসহ সব ক্ষেত্রে দেশকে এগিয়ে নিতে ১৯৭১ সালের মতো সাহস ও শক্তির সঙ্গে বিদ্যমান বাধা অতিক্রম করবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বর্তমানে কিছু সমস্যার মোকাবিলা করছি। শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধা দেওয়া হচ্ছে। একটি অশুভ শক্তি অবরোধ ও হরতালের নামে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কিন্তু বাংলাদেশের মানুষের যেকোনো বাধা অতিক্রম করার শক্তি ও সাহস রয়েছে।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষার্থী ও গবেষকদের মাঝে এ বছরের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ, বঙ্গবন্ধু ফেলোশিপ ও গবেষণা অনুদান প্রদানকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।
সরকারের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহলের সমালোচনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এমনকি বাংলাদেশ যখন টেস্ট ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করেছিল, তখনো তারা আমাদের সমালোচনা করেছে।’
মেলবোর্নে গতকাল বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সঙ্গে খেলায় ভারতের তৃতীয় উইকেটের পতনের খবর আসার সঙ্গে দর্শকদের মুহুর্মুহু করতালির মাঝে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল “জায়ান্ট” ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যোগ্যতার স্বাক্ষর রেখেছে। আমরা একদিন অবশ্যই বিশ্বকাপ জিতব।’
২০১৪-১৫ সালের জন্য ১ হাজার ৩৪৩ শিক্ষার্থী ও গবেষককে এনএসটি ফেলোশিপ দেওয়া হয়। এ ছাড়া প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা ও উন্নয়ন প্রকল্পের বিভাগে ৭৩ শিক্ষার্থী, বিজ্ঞানসংশ্লিষ্ট ৬২ সংস্থা এবং ৩৫টি বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়কে অনুদান দেওয়া হয়। এর সঙ্গে বৈজ্ঞানিক গবেষণায় উৎসাহ দিতে ৩৩০ বিজ্ঞানী ও গবেষককে দেওয়া হয় বিশেষ অনুদান।
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মন্ত্রণালয়টির জাতীয় সংসদের স্থায়ী কমিটির চেয়ারম্যান রুহুল হক ও সচিব খন্দকার আসাদুজ্জামান অনুষ্ঠানে বক্তৃব্য দেন।
বিজ্ঞানসংশ্লিষ্ট শিক্ষা এবং বিজ্ঞান ও জ্ঞানচর্চার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান সবকিছুর সঙ্গে সম্পর্কিত। বিজ্ঞানকে অবহেলা করে কেউই এগিয়ে যেতে পারে না। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া একটি দেশ এগিয়ে যেতে পারে না।
ফেলোশিপ ও অনুদানপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তাঁদের সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে গবেষণা পরিচালনার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের দরিদ্র জনগণের ট্যাক্সের টাকায় ফেলোশিপ ও অনুদান দেওয়া হচ্ছে। আমি আশা করি, আপনারা জনগণের এই টাকার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবেন।’