প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে যাচ্ছে আরজিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেডিসি পরীক্ষা দিচ্ছে আরজিনা
জেডিসি পরীক্ষা দিচ্ছে আরজিনা

রংপুরের বদরগঞ্জ উপজেলার ওসমানপুর মৃধাপাড়া গ্রামের দিনমজুর আজিজুল হকের শারীরিক প্রতিবন্ধী মেয়ে আরজিনা খাতুন (১৪)। জন্ম থেকে দুই হাতের কবজি বাঁকা। হাতে আঙুল থাকলেও তাতে কোনো শক্তি নেই। তাই বলে থেমে যায়নি সে। দুহাতের কবজি দিয়ে আরজিনা এবার জেডিসি পরীক্ষা দিচ্ছে।
আরজিনার পারিবারিক সূত্রে জানা যায়, লেখাপড়ার প্রতি ঝোঁক দেখে ছয় বছর বয়সে আরজিনাকে তাঁর বাবা উপজেলার ওসমানপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি করে দেন। সেখানকার শিক্ষকেরা তাকে দুই হাতের কবজি ব্যবহার করে কলম ধরতে শেখান। এরপর আরজিনা সেভাবেই লেখায় অভ্যস্ত হয়ে ওঠে। পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর স্থানীয় লালবাড়ী দ্বিমুখী দাখিল মাদ্রাসায় সে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। ওই মাদ্রাসা থেকেই আরজিনা চলতি জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে।
গত রোববার বেলা ১১টার দিকে বদরগঞ্জ পৌর শহরের ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা জেডিসি পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুই হাতের কবজির সাহায্যে কলম চেপে ধরে ইংরেজি প্রশ্নপত্রের উত্তর খাতায় লিখছে সে।
কর্তব্যরত কক্ষ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ‘মেয়েটির (আরজিনার) হাতের লেখা ভালো। পরীক্ষাও ভালো দিচ্ছে।’
পরীক্ষা শেষে আরজিনাকে প্রশ্ন করা হয়, তোমার লেখাপড়া শিখে কী হওয়ার স্বপ্ন? ঝটপট জবাব, ‘আমি মানুষ হতে চাই। এই সমাজের বেশির ভাগ মানুষ স্বার্থপর। আমি স্বার্থপর হব না। বড় হয়ে গরিব-দুঃখী মানুষের সেবা করব।’
আরজিনার বাবা আজিজুল হক বলেন, তাঁর চার মেয়ের মধ্যে আরজিনা জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। কিন্তু লেখাপড়ার প্রতি তার খুব ঝোঁক। নিজের অভাবের সংসার। তবু মেয়েকে পড়ানোর চেষ্টা করছেন।
লালবাড়ী দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু মুছা বলেন, ‘আরজিনা লেখাপড়ায় খুবই মনোযোগী। সে নিয়মিত ক্লাস করে। আমরা শিক্ষকেরা সবাই তাঁকে বিভিন্নভাবে সাহায্য করে লেখাপড়ায় উৎসাহিত করে আসছি।’
ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার কেন্দ্র সচিব মাওলানা আবদুল আলীম বলেন, আরজিনা প্রতিবন্ধী হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে তাকে পরীক্ষায় নির্ধারিত সময়ের চেয়ে ১৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, প্রতিবন্ধীদের জন্য পরীক্ষায় অনেক সুবিধা থাকে। আরজিনার হাতে সমস্যা থাকায় তাকে অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হয়েছে।