বাংলাদেশের সরকার ও বিরোধী দলকে প্রতিবন্ধকতার রাজনীতি পরিহার করার পরামর্শ দিলেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক মন্ত্রী ডার্ক নিয়েবেল। তাঁর মতে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য রাজনীতিক দলগুলোকেই সমাধানের পথ খুঁজে বের করতে হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মান মন্ত্রী এ কথা বলেন।একই সংবাদ সম্মেলনে ইইউ উন্নয়ন সহযোগিতাবিষয়ক কমিশনার আন্দ্রিস পিয়েবালগস বলেন, বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করতে সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হতে হবে।বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি সরেজমিনে দেখতে গত সোমবার পাঁচ দিনের সফরে ঢাকায় আসেন ডার্ক নিয়েবেল ও আন্দ্রিস পিয়েবালগস। বাংলাদেশ সফরের সময় তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে কেন্দ্র করে বাংলাদেশের সরকার ও বিরোধী দলের মতপার্থক্যের বিষয়ে মন্তব্য করতে গিয়ে জার্মান মন্ত্রী বলেন, ‘আপনি প্রতিবন্ধকতার রাজনীতি করতে পারেন না। কারণ, রাজনীতি করার জন্যই রাজনৈতিক নেতাদের জনগণ ভোট দেয়। তাই জনগণের জন্য কথা বলাটা তাঁদের দায়িত্ব। আজকে যাঁরা বিরোধী দলে, আগামীকাল তাঁরা সরকার পরিচালনা করবেন। উল্টোভাবেও কথাটা সত্যি। কাজেই সরকার ও বিরোধী দলের মধ্যে সমস্যা যা আছে, তা আলোচনার মাধ্যমে সমাধান করার দায়িত্ব তাঁদেরই।’প্রধানমন্ত্রী ও বিরোধী দলের সঙ্গে আলোচনার পর বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক মতভেদ দূর করার বিষয়টি কীভাবে দেখছেন—এ প্রশ্নের জবাবে ইইউ কমিশনার আন্দ্রিস পিয়েবালগস বলেন, ‘এ দেশের রাজনৈতিক দলগুলোই বিষয়টি ঠিক করবে। আর এ নিয়ে আমরা সমাধান দিতে পারি না; কথা বলতে পারি না। তবে আমরা সব সময় গঠনমূলক রাজনৈতিক চর্চাকে উৎসাহিত করতে চাই।’ তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারা সুসংহত করতে হলে ২০১৪ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সব রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক ও অবাধ, নিরপেক্ষ হতে হবে।এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন জার্মান মন্ত্রী ডার্ক নিয়েবেলও।