
দুর্যোগ ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তি ও সংগঠনের অংশগ্রহণ, প্রতিবন্ধী ব্যক্তিদের লিঙ্গ ও বয়সভিত্তিক তথ্য সংরক্ষণ, সংশ্লিষ্ট প্রকল্প সমন্বিতভাবে বাস্তবায়ন—এ ধরনের বিষয় অন্তর্ভুক্ত করে ‘ঢাকা ঘোষণা’র মধ্য দিয়ে শেষ হয়েছে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।
গতকাল সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে তিন দিনব্যাপী সম্মেলনের সমাপনী পর্বে ঢাকা ঘোষণাপত্র পড়ে শোনান ইন্টারন্যাশনাল ডিজঅ্যাবিলিটি কাউন্সিলের নির্বাহী সদস্য মনসুর আহমেদ চৌধুরী। সমাপনী পর্বের পর সংবাদ সম্মেলনেও ঘোষণাপত্রের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
ঢাকা ঘোষণায় বলা হয়েছে, দুর্যোগের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি পেয়েছে। নির্দিষ্ট তথ্য না থাকলেও ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিশ্বব্যাপী দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যুর হার অন্য গোষ্ঠীর চেয়ে ২ থেকে ৪ শতাংশ বেড়েছে।
গত শনিবার শুরু হওয়া এই সম্মেলনের আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)। সম্মেলনে ১৭টি দেশের ৪৭ জন ও বাংলাদেশের ৫৫০ জন প্রতিনিধি অংশ নেন।
সমাপনী পর্বে ভারতের হরিয়ানা রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী শায়ইন সিং বলেন, হরিয়ানা সরকার দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষার জন্য একটি তহবিল গঠন করেছে। তাই দুর্যোগের সময় অন্যের দয়ার ওপর নির্ভর করতে হয় না। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী সরকারকে এ ধরনের একটি তহবিল গঠনের আহ্বান জানান। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন বলেন, ঢাকা ঘোষণা বাস্তবায়নে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল হিসেবে বিবেচিত হবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, দেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত কতজন প্রতিবন্ধী হয়েছেন, তার তথ্য নেই। জাতীয় প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ শেষে এ পরিসংখ্যান পাওয়া যাবে।