প্রতিবন্ধিতাকে জয় করে এগিয়ে যাচ্ছে আদুরী
জন্মের পর থেকে আদুরীকে পারলে আড়াল করেই রাখতেন মা-বাবা। কারণ, তার দুই হাত শরীরের তুলনায় অনেক ছোট এবং আঙুলগুলোও অস্বাভাবিক। তার পরিবারও অত্যন্ত দরিদ্র। তার পরও সব প্রতিকূলতা জয় করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে আদুরী। নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পলইডাঙ্গা গ্রামের সাইকেল ও ভ্যান-রিকশা গ্যারেজের মিস্ত্রি ইকবাল মিনার মেয়ে আদুরী খানম (১৩) এখন সপ্তম শ্রেণীর ছাত্রী। আদুরী জানায়, তার অস্বাভাবিক হাত দুটির কারণে অনেকেই ব্যঙ্গ করে। কিন্তু তাতে সে আর কষ্ট পায় না। নিয়তিকে মেনে নিয়েছে সে। তার পরিবারের নুন আনতে পান্থা ফুরানোর মতো অবস্থা। তার পরও লেখাপড়া শিখে সে শিক্ষক হতে চায়।আদুরীর বাবা ইকবাল মিনা বলেন, ‘জন্মের পর থেকে তাকে একটু আড়াল করেই রাখার চেষ্টা করেছি। তাকে নিয়ে আমার চিন্তার শেষ ছিল না। ছোটকাল থেকেই আদুরীর লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে তাকে স্কুলে ভর্তি করে দিই।’ ইকবাল বলেন, ভ্যান-রিকশা, সাইকেলের গ্যারেজে কাজ করে প্রতিদিন তাঁর এক থেকে দেড় শ টাকা আয় হয়। তাই দিয়েই কোনো রকমে তিনি সংসার চালান। আদুরীর ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলার আউড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, আদুরী মেধাবী ছাত্রী। পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখলে এসএসসিতে সে ভালো ফল করতে পারবে। উপবৃত্তি থেকে সে ছয় মাসে ৭৫০ এবং সমাজকল্যাণ অধিদপ্তর থেকে মাসে ৪৫০ টাকা করে পেয়ে থাকে। আদুরীর কাছ থেকে স্কুলের বেতন এমনকি পরীক্ষার ফিও নেওয়া হয় না।