প্রতিবন্ধিতাজয়ী একজন শিক্ষক

খাইরুল ইসলাম একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি। একসময় মা-বাবার দুশ্চিন্তার কারণ ছিলেন। কিন্তু তিনি ঘুরে দাঁড়িয়েছেন। পড়াশোনা করে প্রতিবন্ধকতা জয় করেছেন। এখন তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিশুশিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়ান।
খাইরুল ইসলামের (৩০) বাড়ি বরগুনার বেতাগী উপজেলার কিসমত-ভোলানাথপুর গ্রামে। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। জন্মান্ধ খাইরুলকে নিয়ে কৃষক বাবা আর গৃহিণী মায়ের দুশ্চিন্তার অন্ত ছিল না। একে তো অভাবের সংসার, তার ওপর ছেলের দৃষ্টিশক্তি নেই। এ ছেলে বড় হয়ে কীভাবে জীবিকা নির্বাহ করবেন, এই ভাবনা তাঁদের তাড়া করত।
জানতে চাইলে খাইরুল প্রথম আলোকে বলেন, ‘আমি মা-বাবাসহ সবার দুশ্চিন্তার কারণ ছিলাম। কষ্ট লাগত খুব। নিজেকে দুর্ভাগা বলে মনে হতো। কিন্তু হতাশাকে কখনো মনের গভীরে ঠাঁই দিইনি। আমি বিশ্বাস করি, মনের জোর আর ইচ্ছা থাকলে হতাশাকে পরাভূত করা যায়। অনেক কিছু জয় করা যায়। আমি কিন্তু স্রেফ মনের জোরেই এতটা পথ এসেছি। মনের জোর আর দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে সাফল্য লাভে মানুষের শারীরিক অক্ষমতা তাতে মোটেই বাধা হতে পারে না।’
খাইরুলকে ১৯৯২ সালে তাঁর চাচাতো ভগ্নিপতি মাহবুব আলম মজুমদার বরিশাল নিয়ে যান। শহরের দক্ষিণ আলেকান্দা অন্ধ বিদ্যালয়ে ভর্তি করে দেন। খাইরুল সেখানে অষ্টম শ্রেণি পর্যন্ত ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করেন। পরে তাঁকে ভর্তি করা হয় বরিশাল নূরীয়া মাধ্যমিক বিদ্যালয়ে। সেখানে সাধারণ শিক্ষার্থীদের মতোই পাঠ নিতে থাকেন। ২০০১ সালে শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষায় অংশ নিয়ে এসএসসি পাস করেন। এরপর ভর্তি হন বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজে। ২০০৫ সালে শ্রুতি লেখকের সাহায্য নিয়ে পরীক্ষা দিয়ে তিনি এইচএসসি এবং ২০০৯ সালে স্নাতক (পাস) পাস করেন। পরে বরগুনার লাল মিয়া টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড করেছেন।
খাইরুল বলেন, ‘আমি যে বছর এসএসসি পরীক্ষা দিই, সে বছরই আবার বাবা মোহাম্মদ সিকদার মারা যান। সংসারে ঘোরতর দুর্দিন নেমে আসে। এরপর মা হাজেরা বেগমও মারা যান। এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই। প্রতিবন্ধী কোটায় ভর্তির সুযোগ পাই। কিন্তু অর্থাভাবে ভর্তি হতে পারিনি।’
বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে দক্ষিণ ভোলানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। খাইরুল ২০১৬ সালের ২৩ জানুয়ারি এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। বই স্পর্শ করে, কখনো হাত উঁচিয়ে পাঠদান করেন তিনি।
খাইরুল বলেন, ‘নিজের শিক্ষাজীবন শেষ করেছি শ্রুতি লেখকের সহায়তায়। কিন্তু এখন বিদ্যালয়ে পাঠদানের ক্ষেত্রে আমাকে সহায়ক নিতে হচ্ছে। তাই বেতন-ভাতার একটা বড় অংশ সহায়ককে দিতে হয়। আবার ব্রেইল পদ্ধতিতে পাঠদানের কোনো উপকরণ না থাকায় ঢাকা থেকে আমাকে সেসব উপকরণ নিজের বেতনের টাকায় কিনে আনতে হয়।’
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাজমুন্নাহার বলে, ‘স্যার আমাদের সবাইকে খুব স্নেহ করেন। পড়াশোনার খোঁজখবর নেন।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবরঞ্জন সিকদার বলেন, ‘প্রকৃত অর্থে খাইরুল আমাদের সমাজের একটি দৃষ্টান্ত। প্রতিবন্ধী হয়েও তিনি জীবনযুদ্ধে সফল হয়েছেন। শিশুশিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়াচ্ছেন।’