প্রতিবন্ধিতা-জয়ী দীপকের গল্প

প্রতিবন্ধিতা ছিল ছোটবেলা থেকেই। কিন্তু দমে যাননি। বরং প্রতিবন্ধিতাকে মেনে নিয়েছেন স্বাভাবিকভাবে। অদম্য ইচ্ছাশক্তিতে জয় করেছেন প্রতিবন্ধিতাকে। নিরলস প্রচেষ্টা আর নিরন্তর অধ্যবসায়ের ফলে হয়েছেন মানুষ গড়ার কারিগর। মেলে ধরেছেন নিজেকে।
তাঁর নাম দীপক বিশ্বাস (৩৫)। বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার প্রতাপকাঠি গ্রামে।
দীপক বলেন, তিনি জন্ম থেকে প্রতিবন্ধী ছিলেন না। পাঁচ বছর বয়স থেকে তাঁর হাত ও পা শুকিয়ে যেতে থাকে। বেঁকে যেতে থাকে হাত ও পায়ের আঙুল। শক্তি কমতে থাকে। লাঠিতে ভর দিয়ে চলাফেরা শুরু করেন তিনি। এই অবস্থায়ও লেখাপড়া চালিয়ে যান। ১৯৯৯ সালে ঢাকুরিয়া-প্রতাপকাঠি মাধ্যমিক বিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক ও ২০০১ সালে মুক্তেশ্বরী ডিগ্রি কলেজ থেকে দ্বিতীয় বিভাগে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর তিনি যশোরের মাইকেল মধুসূদন (এমএম) কলেজে বাংলা বিষয়ে সম্মান শ্রেণিতে ভর্তি হন। সেখান থেকে তিনি ২০০৫ সালে সম্মান ও ২০০৬ সালে এমএ পাস করেন। লেখাপড়ার পাশাপাশি তিনি টিউশনি করে সংসার চালাতেন। ২০১০ সালের সেপ্টেম্বরে তিনি সহকারী শিক্ষক পদে চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। বর্তমানে তিনি বাড়ির পাশে অবস্থিত নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। যশোর প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) থেকে এক বছরের পেশাগত প্রশিক্ষণও নিয়েছেন তিনি।
২২ জানুয়ারি নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দীপক বিশ্বাস লাঠিতে ভর দিয়ে পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পাঠদান করাচ্ছেন। মাঝেমধ্যে চক দিয়ে পাঠের বিষয়গুলো বোর্ডে লিখে দিচ্ছেন। ওই শ্রেণির ছাত্রী তনুশ্রী মল্লিক বলে, ‘স্যার খুব ভালো করে আমাদের পড়ান। তাঁর পড়ানো বিষয় আমরা সহজে বুঝতে পারি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মণ্ডল বলেন, শিক্ষক হিসেবে দীপক অত্যন্ত ভালো ও নিয়মানুবর্তী। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক হিসেবে তিনি যথাযথ নিয়ম মেনে পাঠদান করেন। একজন শারীরিক প্রতিবন্ধী এত ভালো পাঠদান করতে পারেন, তা দীপককে না দেখলে বোঝা যাবে না।
স্ত্রী মিতালী বিশ্বাস (২১), ছেলে সুদীপ বিশ্বাস (১৫ মাস) ও মা যোগমায়া বিশ্বাসকে (৬০) নিয়ে দীপকের সংসার। যোগমায়া বিশ্বাস বলেন, দীপকের বাবা রণজিত বিশ্বাস ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনিও ছিলেন শারীরিক প্রতিবন্ধী। দীর্ঘ প্রতিবন্ধিতার কারণে তিনি মারা যান। তিনি আরও বলেন, বাবার মতো দীপকের হাত-পা শুকিয়ে যাচ্ছে। পায়ের গোড়ালি বেঁকে গেছে। সোজা হয়ে দাঁড়াতে পারেন না। লাঠি ভর দিয়ে চলতে হয়।
দীপক বিশ্বাস বলেন, ‘শরীরের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। হাত-পা সরু হয়ে যাচ্ছে। আঙুলগুলো আরও বেশি বাঁকা হয়ে যাচ্ছে। বেশিক্ষণ সোজা হয়ে দাঁড়াতে পারি না। হাতে-পায়ে ঠিকমতো বল পাচ্ছি না। পাঠের বিষয় বোর্ডে লিখতে বেশ কষ্ট হয়।’ তিনি আরও বলেন, ‘শিক্ষকতার পাশাপাশি আমি আমার মতো প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করতে চাই। কিন্তু শরীর ক্রমেই খারাপ হওয়ায় সবকিছু ঠিকঠাকমতো হচ্ছে না। ভালো চিকিৎসা দরকার। চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠতে পারলে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে পারতাম।’