প্রতিবন্ধী অধিকার আইনের বিধি প্রণয়নের তাগিদ
সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, বিধি প্রণয়ন না হলে প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষাবিষয়ক আইন থাকার মানে হবে ‘কাজির গরু কেতাবে আছে গোয়ালে নাই’। তাই ২০১৩ সালের প্রণীত আইনটি বাস্তবায়নে দ্রুত বিধি প্রণয়ন করতে হবে।
আজ বুধবার সোসাইটি অব দি ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স (এসডিএসএল) আয়োজিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফজলুল করিম এ কথা বলেন। প্রতিবন্ধীরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই যাতে নিতে পারেন সে ব্যাপারেও উৎসাহিত করেন তিনি। নীতি নির্ধারণ থেকে শুরু করে বাস্তবায়ন উন্নয়ন প্রক্রিয়ার সব স্তরে প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহবান জানান প্রধান অতিথি। এসডিএসএল এর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
‘প্রতিবন্ধী মানুষের ন্যায়বিচারে আইনগত সহায়তা’ শীর্ষক সভায় সভাপতিত্ব করেন (ইশারা ভাষায় দোভাষীর সহায়তায়) এসডিএসএলের সভাপতি এম ওসমান খালেদ। তিনি বলেন, আইনে বিভিন্ন পর্যায়ের যেসব কমিটির কথা বলা হয়েছে সেসব কমিটিতে প্রতিবন্ধী ব্যক্তির প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি। মূলধারার আইনগত সহায়তা প্রদান সংস্থা বা কার্যক্রমগুলোও প্রতিবন্ধী মানুষের ন্যায়বিচার নিশ্চিতকরণে ব্যর্থ।
সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপপরিচালক রকিবুল হাসান, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক খুরশিদ আলম চৌধুরী, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ফাওজিয়া করিম ফিরোজ এবং জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তি অধিকার বিষয়ক কমিটির সাবেক সদস্য মনসুর আহমেদ চৌধুরী। মতবিনিময় সভার সঞ্চালক এসডিএসএলের কোষাধ্য রফিক জামান মূল প্রবন্ধ পড়ে শোনান ।