প্রতিবন্ধী এসএমই উদ্যোক্তাদের পুন:অর্থায়নের সীমা বাড়ল
প্রতিবন্ধী এসএমই উদ্যোক্তাদের ক্ষেত্রে পুন:অর্থায়নের সীমা সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রতিবন্ধী উদ্যোক্তাদের ১০ শতাংশ সুদ হারে দেওয়া ঋণের বিপরীতে তহবিল পর্যাপ্ততা সাপেক্ষে ১০০ শতাংশ পুন:অর্থায়ন সুবিধা দেওয়া হবে।
দৃষ্টি প্রতিবন্ধীসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্যোক্তা হিসেবে অগ্রাধিকার দেওয়ার জন্য ‘বাংলাদেশ ব্যাংক ফান্ড’ নীতিমালায় এ ধরনের কিছু সংশোধন/সংযোজন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে। সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যাংকিং সেবা নিশ্চিতকরণের জন্য বাংলাদেশ ব্যাংক ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর ডিপার্টমেন্ট থেকে এ নির্দেশনা জারি করেছে। গতকাল এ নির্দেশনায় সই করেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
নির্দেশনাটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/ প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে সব ব্যাংকে পরিপালনের জন্য পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, এর আগেও এ ধরনের বিভিন্ন নির্দেশনা জারি করা হয়েছে। এ সংশ্লিষ্ট অতিরিক্ত নির্দেশনা সব ব্যাংকের পরিপালনের জন্য জারি করা হল।
নির্দেশনায় ব্যাংক হিসাব পরিচালনা সহজিকরণের জন্য ব্যাংকের প্রতি শাখায় একজন কর্মকর্তাকে ফোকাল ব্যক্তি নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীদের হিসাব খোলা ও পরিচালনার জন্য ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে গ্রাহক সনাক্তকরণ, বাহককে দেওয়া চেকের জন্য স্পেশাল পিন নম্বর ব্যবহারসহ সেবা গ্রহণে উদ্বুদ্ধকরণে ব্যাংক হিসাব পরিচালনা সহজিকরণের বিষয়টি প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনায় ব্যাংকের বার্ষিক কার্যক্রমে সহায়ক কর্মসূচী প্রণয়ন এবং বাজেট বরাদ্দের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে। সিএসআর কর্মসূচীর আওতায় এ ধরনের ব্যয় হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় ন্যূনতম জমায় ব্যাংক হিসাব খোলাসহ অন্যান্য বিষয়েও বলা হয়েছে।