প্রতিবন্ধী কল্যাণ আইনটি করুণা নয় অধিকারভিত্তিক করার সুপারিশ
দয়া বা করুণা নয়, প্রতিবন্ধী নাগরিকদের জন্য অধিকারভিত্তিক আইন প্রণয়নের সুপারিশ করেছেন সাংসদ ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।১৯ ও ২০ ফেব্রুয়ারি দুই দিনের জাতীয় কর্মশালায় এ সুপারিশ করেছেন তাঁরা। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইনের খসড়া চূড়ান্তকরণের জন্য ঐতিহাসিক মুজিবনগরের পর্যটন মোটেলে পার্লামেন্টারিয়ানস ককাস অন ডিসঅ্যাবিলিটি এবং জাতীয় প্রতিবন্ধী ফোরাম যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।পার্লামেন্টারিয়ানস ককাস অন ডিসঅ্যাবিলিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল মতিন খসরু কর্মশালায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে এ আইনকে যুগোপযোগী করার ঘোষণা দিয়েছে। জাতিসংঘ ঘোষিত অধিকার সনদের আলোকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এ আইনটি অধিকারভিত্তিক প্রণীত হবে।ককাসের উপদেষ্টা ব্যারিস্টার আমীরুল ইসলাম বলেন, ২০০১ সালের বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইনটি নেহাতই অনুকম্পার দৃষ্টিভঙ্গিতে তৈরি করা হয়েছিল। কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমতার বিষয়টি হলো খসড়া আইনের মূল বিষয়।কর্মশালা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা রক্ষায় মুজিবনগর ঘোষণা ২০১০ প্রকাশ করা হয়। এ ঘোষণায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বিরাজমান কার্যপ্রণালী বিধি সংশোধন করে প্রতিবন্ধিতাকে সব মন্ত্রণালয় ও বিভাগের কাজের আওতাভুক্ত করা, প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করা এবং একটি জাতীয় তথ্যভাণ্ডার প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের ন্যায্য বরাদ্দ, সব ক্ষেত্রে তাদের প্রবেশগম্যতা নিশ্চিত করা, প্রতিবন্ধী ব্যক্তিদের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করাসহ সম্পদ ও উত্তরাধিকার আইনে সমঅধিকার প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে এ ঘোষণাপত্রে। এতে বলা হয়েছে, প্রতিবন্ধিতা কোনো অযোগ্যতার মাপকাঠি নয়। জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা প্রতিবন্ধী ব্যক্তিদের সামগ্রিক সুরক্ষা নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে ঘোষণাপত্রে।কর্মশালায় অংশগ্রহণ করেন ব্যারিস্টার তানিয়া আমীর, সাংসদ আইনজীবী মো. ফজলে রাব্বী মিয়া, চেমন আরা বেগম, জয়নাল আবেদিন, আসমা জেরিন, ডিসঅ্যাবিলিটি রাইটস ওয়াচ গ্রুপের আহ্বায়ক কবি কাজী রোজী, মেহেরপুরের জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আবুল বাশার ভূইয়া, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ড্রাফটিং) বেগম নাসরিন বেগম, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সচিব মো. শামসুজ্জামান ভূইয়া, জাতীয় আইন কমিশনের রিসার্চ অফিসার মো. আকতারুজ্জামান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম, মহাসচিব জওয়াহেরুল ইসলাম, জাতীয় বধির সংস্থার সাধারণ সম্পাদক মো. ইসতিয়াক আলম প্রমুখ। এ ছাড়া তৃণমূল প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলোর প্রতিনিধি এবং প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও এতে অংশ নেন।