প্রতিবন্ধী কাব স্কাউটদের এগিয়ে যাওয়ার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা চোখে না দেখলেও সব কটি বিষয়ে অংশ নিয়ে আনন্দ উপভোগ করছি। এর আগে এত আনন্দ পাইনি।’ গতকাল রোববার সকালে কথাগুলো বলছিল দৃষ্টি প্রতিবন্ধী কাব স্কাউট আবুল কাসেম ও সাকিব হোসেনসহ কয়েকজন। ঢাকার তেজগাঁওয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ‘শিশু পরিবার’ থেকে তারা প্রথমবারের মতো গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে সপ্তম জাতীয় কাব ক্যাম্পুরিতে অংশ নিয়েছে। প্রতিবন্ধী কাব স্কাউটদের চোখেমুখে ছিল শত বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার প্রত্যয়। জাতীয় বিশেষ শিক্ষাকেন্দ্রের বুদ্ধিপ্রতিবন্ধী ফরিদ আহম্মেদ বলছিল, ‘আমরা লেখাপড়া করে দেশের উন্নতি করব। সবার জন্য ভালো কাজ করব। এখানে এসে সব কাজ নিজেরা করতে শিখেছি। ফিরে গিয়ে বন্ধুদের সব শিখিয়ে দেব।’ক্যাম্পুরির সৈয়দ নজরুল ইসলাম ভিলেজের শিলাইদহ সাব-ক্যাম্পের অন্য সব কাব স্কাউটের সঙ্গে নিয়মিত কার্যক্রমে অংশ নেওয়া চতুর্থ শ্রেণীর ছাত্র বুদ্ধিপ্রতিবন্ধী আবুল কাশেম বলে, ‘ভালো কাজ করে, অন্যের উপকার করে আমরা এগিয়ে যেতে চাই।’ বিশেষ শিক্ষাকেন্দ্রের কাব লিডার রোকেয়া অনু জানান, ‘এখানে ছয়জন বাকপ্রতিবন্ধী মেয়ে অংশ নিয়েছে। আগে বাসা আর স্কুল ছিল ওদের গণ্ডি। এখানকার খোলা পরিবেশ আর অনেক বন্ধুকে পেয়ে ওদের মানসিক বিকাশ ঘটেছে। এখান থেকে চলে যেতে হবে যেনে সবার মন খারাপ। ফিরে যেতে চাইছে না কেউ।’ স্কাউট লিডার আজিজুল হক জানান, ক্যাম্পুরির ইভেন্টগুলোতে প্রতিবন্ধী ছেলেমেয়েরা অন্যদের মতো অংশ নিয়েছে। এ ছাড়া এখানকার সবাই ওদের উৎসাহিত করেছে। কোনো ছেলেমেয়েই ওদের আলাদা করে দেখেনি বরং সহযোগিতা করেছে।সপ্তম জাতীয় কাব ক্যাম্পুরির গতকাল ছিল ষষ্ঠ দিন। আজ সোমবার ক্যাম্পুরি আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করবেন রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মো. জিল্লুর রহমান। সেই সঙ্গে ভাঙবে কাব স্কাউটদের মিলনমেলা।গজারি বনে ভোরবেলায় শীত থাকলেও গতকাল থেমে ছিল না কাব স্কাউটদের উদ্যম। প্রতিদিনের মতো ভোরে উঠেই আনন্দ ও উদ্দীপনের ইভেন্টগুলোতে অংশ নেয়। ক্যাপ্টেন এম মনসুর আলী ভিলেজের কাব স্কাউটরা নন্দন পার্ক ভ্রমণ করেছে সারা দিন। গতকাল ক্যাম্পুরির বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক, বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান ও জাতীয় নেতা তাজউদ্দিন আহমদের মেয়ে সিমিন এইচ রিমি।গতকাল রাত সাড়ে সাতটার দিকে ক্যাম্পুরিতে গ্র্যান্ড ক্যাম্প ফায়ার হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কাব স্কাউটদের উদ্দেশে বলেন, ‘এখানে তোমরা যারা অংশ নিয়েছ, তারা সবাই সৌভাগ্যবান। তোমরা এখান থেকে যে শিক্ষা পেয়েছ, তা কাজে লাগিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবে।’