প্রতিবন্ধী কিশোর ও অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সেতুর পাশ থেকে গতকাল বুধবার অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করা হয়েছে৷ রাজশাহীর বাগমারায় মঙ্গলবার রাতে শাওন আহমেদ (১৮) নামে এক প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ৷
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, গতকাল বেলা তিনটার দিকে হাটিকুমরুল-বনপাড়া সড়কের ৯ নম্বর সেতুর নিচ থেকে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে৷ অন্য কোথাও এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে লাশ এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷
বাগমারা থানার ওসি আবু ওবায়দা খান জানান, শাওন বাগমারা উপজেলার দেউলা গ্রামের মুক্তিযোদ্ধা আবু বাক্কারের ছেলে৷ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভবানীগঞ্জ-বিহানালী সড়কের দানগাছি নামক স্থানে একটি নালায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে লোকজন থানায় খবর দেন৷ পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে৷
আবু বাক্কার বলেন, তাঁর ছেলে একজন মানসিক প্রতিবন্ধী৷ তাঁকে বাড়িতেই আটকে রাখা হতো৷ গত সোমবার শাওন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে অাসেনি৷