প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর টানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গতকাল মঙ্গলবার বিকেলে জেলা সদর হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা হয়েছে । কিশোরীর পরিবার, এলাকাবাসী ও এজাহারের বিবরণ অনুযায়ী, উপজেলার এক বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী কিশোরীকে সোমবার দুপুর ১২টার দিকে রিকশাচালক নাঈম মিয়া (২৮) পাটখেতে নিয়ে ধর্ষণ করেন। পাটখেতে মেয়েটির গোঙানির শব্দ শুনতে পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করেন। এ সময় নাঈম দৌড়ে পালিয়ে যান। পরে এলাকাবাসী নাঈমকে আটক করলেও তাঁর আত্মীয়রা জোর করে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. রাকিব বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন এলে ধর্ষণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, ‘ধর্ষণের ঘটনায় কিশোরীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’