মিরপুরের ১৩ নম্বর সেকশনের বাইশটেকি এলাকার একটি বাসায় গত বুধবার শারীরিক প্রতিবন্ধী এক কিশোরী (১৭) ধর্ষণের শিকার হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় শাওন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার শামীম হোসেন গতকাল জানান, শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। কাফরুল থানার পুলিশ জানায়, কয়েক মাস আগে শারীরিক প্রতিবন্ধী ওই কিশোরীকে যশোরের কেশবপুর থেকে চিকিৎসার জন্য তার খালার বাইশটেকির বাসায় নিয়ে আসা হয়। বুধবার দুপুরে কিশোরীকে বাসায় একা রেখে খালা বাইরে যান। এ সুযোগে প্রতিবেশী শাওন তাকে ধর্ষণ করে। বাসায় ফিরলে কিশোরীটি তার খালাকে এ কথা জানায়। বুধবার রাতে কিশোরীর খালা কাফরুল থানায় শাওনকে আসামি করে মামলা করেন। রাতেই পুলিশ বাইশটেকির বাসা থেকে শাওনকে গ্রেপ্তার করে। ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।