প্রতিবন্ধী কিশোরী যৌন নির্যাতনের শিকার, মামলা
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরী (১৫) যৌন নির্যাতনের শিকার হয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর মা উপজেলার খারুয়া ইউনিয়নের বীর বাঘাড়ি গ্রামের মিলন মিয়াকে (২৫) আসামি করে গত শনিবার রাতে নান্দাইল মডেল থানায় মামলা করেছেন।
কিশোরীর মায়ের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর প্রতিবন্ধী মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পেছনে যায়। দীর্ঘক্ষণ ফিরে না আসায় তিনি বাইরে গিয়ে দেখতে পান, মিলন মিয়া মেয়ের মুখ চেপে ধরে ধর্ষণ করছেন। এ ঘটনার পর তিনি বিচার চাওয়ায় মিলন মিয়া ক্ষিপ্ত হয়ে শুক্রবার তাঁদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
জানা গেছে, হুমকি-ধমকি দিয়ে কিশোরীর পরিবারকে মামলা করা থেকে বিরত করতে না পেরে মিলন মিয়া শনিবার বিকেলে বাড়ি ছেড়ে পালিয়েছেন। তাই তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজী মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।