প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ৩০ হাজার টাকায় মীমাংসা
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বাকপ্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সালিস বৈঠকে ধর্ষককে ৩০ হাজার টাকা জরিমানার মাধ্যমে বিষয়টির মীমাংসা করা হয়েছে। ধরমপাশার পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী এবং ওই মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার রাতে ওই কিশোরী (১৫) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে বাইরে ওত পেতে থাকা উত্তরপাড়া গ্রামের চার সন্তানের জনক সাইদুল ইসলাম (৩০) তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এলে সাইদুল পালিয়ে যান। এ সময় টর্চের আলোয় প্রতিবেশীরা সাইদুলকে শনাক্ত করতে সক্ষম হয়। এ নিয়ে গত বুধবার সন্ধ্যায় স্থানীয় মাতব্বর ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের লোকজনকে নিয়ে ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সালিসে সাইদুল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে ৩০ হাজার টাকা জরিমানা, ক্ষমা প্রার্থনা, ভবিষ্যতে মেয়েটি সন্তান প্রসব করলে দায়দায়িত্ব গ্রহণ ও জুতাপেটা করার রায় ঘোষণা করা হয়। এই রায়টি উভয় পক্ষই মেনে নেয়।