নাটোরে এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর ৩০ হাজার টাকায় রফা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার ধর্ষণকারী যুবকের চাচা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের বাড়িতে এই রফা হয়।
নির্যাতিত কিশোরীর পারিবারিক সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যায় নাটোর সদর উপজেলার ওই মানসিক প্রতিবন্ধী কিশোরীটি বাড়িতে একাই ছিল। এই সুযোগে উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার মোহম্মদ আলীর বখাটে ছেলে শরিফুল ইসলাম (২২) বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে প্রতিবন্ধী মেয়েটির মা-বাবা বাড়িতে ফিরে বিষয়টি বুঝতে পেরে মেয়েকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আরএমও আবুল কালাম আজাদ বলেন, মেয়েটির আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর বলা যাবে, মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে কি না।
এদিকে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ধর্ষকের চাচা হজরত আলীর বাড়িতে মীমাংসা বৈঠক বসানো হয়। বৈঠকে বখাটে শরিফুল ইসলামকে চড়-থাপ্পড় মেরে ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। এ সময় লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা আবদুল বাতেন ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ধর্ষণের শিকার মেয়েটির মামা বলেন, বিষয়টি মীমাংসার জন্য রাত থেকেই প্রভাবশালী ব্যক্তিরা চাপ সৃষ্টি করে আসছিলেন। অনেকটা বাধ্য হয়েই মীমাংসা মেনে নিতে হয়েছে তাঁদের।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ধর্ষণের ঘটনা কোনোভাবেই রফা করার সুযোগ নেই। কিশোরীটির পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে আবদুল বাতেন ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।