প্রতিবন্ধী কিশোরীকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন
বাগেরহাটে জুলিয়া খাতুন (১৪) নামে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও চার বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে অন্য এক আসামিকে। গতকাল বুধবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বেলায়েত উল্লাহ এই আদেশ দেন।দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন: বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের বাঁশের হুলা গ্রামের মাইনুর শেখ, একই ইউনিয়নের প্রসাদনগর গ্রামের বাসিন্দা আল আমিন শেখ ও হাবিব শেখ। আর খালাস পেয়েছেন বাঁশের হুলা গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান।মামলা সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১৭ ডিসেম্বর বিকেলে বাঁশের হুলা গ্রামের মৃত আকরাম মল্লিকের বাকপ্রতিবন্ধী মেয়ে জুলিয়া খাতুনের লাশ তাদের ঘর থেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তে ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রমাণিত হলে ২০০৩ সালের ১৬ মে জুলিয়ার মা আম্বিয়া বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী মফিজুল হক তদন্ত করে নিশ্চিত হন, দণ্ডপ্রাপ্ত আসামিরা জুলিয়াকে ধর্ষণ করার পর শ্বাসরোধে হত্যা করেন। আল আমিন ও হাবিবকে আটকের পর তাঁরা পুলিশের কাছে ঘটনার কথা স্বীকার করেন এবং তাঁদের অন্য দুই সহযোগীর নাম প্রকাশ করেন। তদন্ত কর্মকর্তা ২০০৪ সালের ২ আগস্ট তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর গতকাল আদালত এ রায় দেন।