প্রতিবন্ধী কিশোরীদের ফুটবল ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরী ও প্রতিবন্ধী কিশোরীদের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে ব্র্যাক৷ গতকাল দুপুরে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় উত্তরবঙ্গ দলের দলনেতা শাকিলা জাফর ফ্রি কিক নিচ্ছে l ছবি: প্রথম আলো
কিশোরী ও প্রতিবন্ধী কিশোরীদের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে ব্র্যাক৷ গতকাল দুপুরে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় উত্তরবঙ্গ দলের দলনেতা শাকিলা জাফর ফ্রি কিক নিচ্ছে l ছবি: প্রথম আলো

বাঁ হাতে ক্রাচ ধরা। বাঁ পা পেছন দিকে বেঁকে আছে। এক পা দিয়ে গোলটি দিয়েই দিল শাকিলা জাফর। তার দল জিতে গেল। তখন চারপাশে শুধু হাততালি। শাকিলার দলের অন্য সদস্যরাও ততক্ষণে শাকিলাকে ঘিরে ধরেছে। অন্যদিকে শাকিলার বিপক্ষ দলের প্রতিবন্ধী কিশোরীদের অনেকেই তখন কেঁদে বুক ভাসাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রতিবন্ধী কিশোরীদের এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ব্র্যাকের শিক্ষা কর্মসূচির আওতায় কিশোরী ও প্রতিবন্ধী কিশোরীদের জাতীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের সমাপনী ছিল এটি। আগে ৬০টি জেলায় এই টুর্নামেন্টের ম্যাচগুলো হয়েছে। এতে কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচি এবং চিলড্রেন ফর স্পেশাল নিডস কর্মসূচির কিশোরীরা অংশ নেয়।
টুর্নামেন্ট শেষে বিশ্বকাপ জয়ের মতোই খুশিতে আত্মহারা দলের ক্যাপ্টেন শাকিলা ও তার দল অতিথিদের হাত থেকে ট্রফি নেয়। প্রতিবন্ধী কিশোরী দলের খেলার পর অন্য কিশোরীরা খেলায় নামে। তখনো চলে টান টান উত্তেজনা। প্রতিবন্ধী দলের খেলার সময় শুধু মাঠের আকার একটু ছোট করা হয়। এর বাইরে রেফারির বাঁশি, ফাউল, কর্নার কিক সবই ছিল। খেলা শেষে আহত এক খেলোয়াড় শাকিলার কাঁধে ভর দিয়েই মাঠ ছাড়ে। অন্য দলের সদস্যদের চোখের পানিও মুছিয়ে দেয় শাকিলা। প্রতিক্রিয়ায় সে জানাল, তার দল জয়ী হয়েছে, এতে সে খুশি। তবে সে মনে করে, খেলায় কেউ হারেনি। দুই দলই জিতেছে। খেলার দর্শকদেরও বেশির ভাগই ছিল কিশোরী।
‘উত্তরবঙ্গ’ ও ‘দক্ষিণবঙ্গ’ নামের প্রতিবন্ধীদের এই দল দুটি করা হয়েছে দেশের বিভিন্ন এলাকার খেলোয়াড়দের নিয়ে। প্রতিবন্ধী দলের খেলা শুরুর আগে শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ তারেক ইকবাল খান মজলিস এই কিশোরীরাই জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নেবে বলে প্রত্যাশা করেন।