প্রতিবন্ধী কোটা সংরক্ষণ না করার অভিযোগে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধীদের কোটা অনুসরণ না করার অভিযোগ এনে মানববন্ধন করেছেন ও প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছেন প্রতিবন্ধী ব্যক্তিরা। গতকাল বুধবার তাঁরা রাঙামাটি জেলা পরিষদের সামনে মানববন্ধন করার পর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেন।বেলা ১১টার দিকে প্রায় ২৫ জন প্রতিবন্ধী ব্যক্তি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে মানববন্ধন করেন। পরে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠান। সেখানে স্বাক্ষর করেন রাঙামাটি প্রতিবন্ধী ফোরামের সাধারণ সম্পাদক ও চাকরিপ্রার্থী রিপেল চাকমা, প্রতিবন্ধী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রনেল চাকমা, চাকরিপ্রার্থী মো. মিজানুর রহমান প্রমুখ।প্রতিবন্ধী ব্যক্তিরা অভিযোগ করেন, প্রতিবন্ধীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের লক্ষ্যে সরকার চাকরিতে ১০ শতাংশ কোটা সংরক্ষণের ঘোষণা দিয়েছে। কিন্তু রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ ও অন্যান্য বিভাগে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধীদের কোটা সংরক্ষণ করে না।গত সোমবার রাতে প্রকাশিত ফলাফলেও সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণ করা হয়নি। তাঁরা বলেন, প্রাথমিক শিক্ষক পদে ১২ জন প্রতিবন্ধী আবেদন করেন। এর মধ্যে তিনজনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়। কিন্তু শেষ পর্যন্ত একজনকেও নিয়োগ দেওয়া হয়নি। শিক্ষক নিয়োগে অসামঞ্জস্যতা: চাকরিপ্রার্থীরা শিক্ষক নিয়োগ-প্রক্রিয়ায় বেশ কিছু অসামঞ্জস্যতা পাওয়ার অভিযোগ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও নিয়োগ কমিটির সদস্য-সচিব এ কে এম রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল বিজ্ঞপ্তি দেখিয়ে অভিযোগ করেন, রাঙামাটি সদর উপজেলার ক্রমিক সংখ্যা ০৬৯৬ এবং বাঘাইছড়ি উপজেলায় ক্রমিক সংখ্যা ০২৩৬ প্রার্থীর লিখিত পরীক্ষায় কৃতকার্য হওয়ার কোনো প্রমাণ নেই। অথচ তাঁদের ক্রমিক সংখ্যা নিয়োগের চূড়ান্ত ফলাফলে দেওয়া হয়েছে। অর্থা ৎ তাঁরা মৌখিক পরীক্ষায় অবতীর্ণ না হয়েও চাকরি পেয়েছেন।অন্যদিকে লিখিত পরীক্ষার ফলাফলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ৪ আগস্ট। পরে মৌখিক পরীক্ষার এক দিন আগে ১৬ আগস্ট রাতে সম্পূরক ফল প্রকাশ করা হয়। সেখানে লংগদু উপজেলার ক্রমিক সংখ্যা ০১১২ ও ০৬২৫, বরকল উপজেলার ক্রমিক সংখ্যা ০৬১৬, বাঘাইছড়ি উপজেলার ক্রমিক সংখ্যা ০৫৮৪ ও ১৩০১ এবং কাউখালী উপজেলার ক্রমিক সংখ্যা ০৩৯৯ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় ডাকা হয়। পরে ওই ছয়জন প্রার্থীর মধ্যে কাউখালী উপজেলার প্রার্থী ছাড়া সবাইকে নিয়োগে যোগ্য প্রার্থী হিসেবে বাছাই করা হয়। এ বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এ কে এম রিয়াজ উদ্দিন ফোন ধরেননি।এদিকে, কাপ্তাই প্রতিনিধি জানান, রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে গত মঙ্গলবার সেখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ। তাদের অভিযোগ, যোগ্য প্রার্থীদের নিয়োগ না দিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুল হকের ভাতিজি, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অংসু চাইন মারমার বোন এবং সাংগঠনিক সম্পাদক সফিউল আলমের মেয়েকে চাকরি দেওয়া হয়েছে। স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এসব অভিযোগ করেন ছাত্রলীগের উপজেলা সভাপতি আবু বকর সিদ্দিক, সদস্য জামাল উদ্দিন ও শফিকুল হক।যোগাযোগ করা হলে অংসু চাইন মারমা কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। তবে সফিউল আলম তাঁর মেয়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে বলে দাবি করেন।এদিকে, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা গতকাল প্রথম আলোকে বলেন, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবন্ধী কোটা সম্পর্কে তিনি বলেন, নিয়োগ-সংক্রান্ত ঘোষণায় যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধীদের নিয়োগের কথা উল্লেখ ছিল। যাঁরা বাদ পড়েছেন, তাঁরা যোগ্যতা না থাকার কারণে বাদ পড়েছেন।