প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অপরাধে তরুণের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অপরাধে এক তরুণকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া তরুণ হলেন গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা পূর্বপাড়া এলাকার তৌহিদুল ইসলাম (২৮)।
আদালত সূত্র জানায়, চান্দনা পূর্বপাড়া এলাকার বাক্প্রতিবন্ধী এক তরুণীর (২৫) সঙ্গে তৌহিদুলের প্রেমের সম্পর্ক ছিল। ২০১২ সালের ১ সেপ্টেম্বর থেকে বিভিন্ন সময় বিয়ের আশ্বাস দিয়ে তাঁকে ধর্ষণ করেন তৌহিদুল। ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে একই বছরের ২১ নভেম্বর চিকিৎসার কথা বলে তাঁকে নিয়ে একটি ক্লিনিকে গর্ভপাত ঘটান তৌহিদুল। পরে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়েন ওই নারী। ঘটনা বুঝতে পেরে নারীর পরিবার তৌহিদুলের সঙ্গে কথা বলে। তবে তৌহিদুল নানা টালবাহানা করতে থাকেন। ২০১৩ সালের ২৫ জানুয়ারি ওই নারীর মা বাদী হয়ে জয়দেবপুর থানায় তৌহিদুলসহ চারজনকে আসামি করে মামলা করেন। পুলিশ মামলার তদন্ত শেষে তৌহিদুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে সোমবার আদালত রায় দেন।
গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম বলেন, আসামিকে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।