প্রতিবন্ধী দাদাকে হত্যায় নাতির মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে আবদুল খালেক শেখ (৫৯) নামে শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে জাহিদ শেখ (৩৮) নামের একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি জাহিদ শেখ আদালতে উপস্থিত ছিলেন।

নিহত আবদুল খালেক শেখ রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের দক্ষিণ সন্ন্যাসী গ্রামের প্রয়াত আহম্মদ আলী শেখের ছেলে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহিদ শেখ একই গ্রামের মোকাম্মেল শেখের ছেলে। তিনি নিহত আবদুল খালেক শেখের সম্পর্কে নাতি।

মামলার নথির বরাত দিয়ে বাগেরহাট জজ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি সীতা রাণী দেবনাথ জানান, রামপাল উপজেলার দক্ষিণ সন্ন্যাসী গ্রামের নিহত আবদুল খালেক শেখ শারীরিক প্রতিবন্ধী ছিলেন। এ জন্য সরকারিভাবে তিনি প্রতি মাসে ভাতা পেতেন। এই ভাতার টাকা তাঁর নাতি জাহিদ শেখকে দিতে হতো। ভাতার টাকা দিতে না চাইলে জাহিদ তাঁকে মারধর করতেন এবং মেরে ফেলার হুমকি দিতেন। ভাতার টাকা নিয়ে কলহের জেরে জাহিদ ২০১৪ সালের ৩১ মে সন্ধ্যায় ধারালো দা দিয়ে কুপিয়ে আবদুল খালেককে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনার পরদিন নিহত ব্যক্তির ছেলে মো. আলী আকবর শেখ বাদী হয়ে জাহিদ শেখকে আসামি করে রামপাল থানায় একটি হত্যা মামলা করেন। এর তিন দিন পর পুলিশ ঢাকা থেকে জাহিদকে গ্রেপ্তার করে। পরে জাহিদ তাঁর দাদাকে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। রামপাল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. ইমারত আলী ওই বছরের ২০ আগস্ট জাহিদ শেখের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। আদালতের বিচারক ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।