প্রতিবন্ধী দুই যুগলের বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাইরে রঙিন কাপড়ের তৈরি তোরণ। ফুল দিয়ে সাজানো গাড়ি। ভেতরে উচ্চ শব্দে বাজছে গান। চলছে মিষ্টি বিতরণ, ফটোসেশন। সঙ্গে ভরপুর খানাপিনা। হই-হুল্লোড়, নাচানাচি। দুজন বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী তরুণীর বিয়ের অনুষ্ঠান ছিল গতকাল শনিবার।
খুলনা নগরের গোয়ালখালীতে সরকারি দৃষ্টি ও বাক্-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের (শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র) ওই বিয়ের আয়োজন করা হয়। কনেদের নাম সোমা খাতুন ও পারভিন আক্তার। বর আবদুর রশিদ ও ইকবাল হোসেন। অনুষ্ঠানে ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদসহ ২০০ অতিথি।
সোমার বাড়ি বরিশালের মুলাদিতে, পারভিনের খুলনার তেলিগাতি মহেশ্বরপাশা এলাকায়। দুজনই পাঁচ বছর ধরে কেন্দ্রে আছেন। আবদুর রশিদের বাড়ি খুলনার খালিশপুর হাউজিং বাজার এলাকায়, ইকবালের সাতক্ষীরায়। তাঁরাও বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী। গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে তাঁদের বাগ্দান হয়।