প্রতিবন্ধী দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন

আবুল হাসেম ও আনোয়ারা বেগম দম্পতির দুই ছেলেমেয়েই আঠারো পেরিয়েছেন। তবে তাঁদের এখনো মুখে খাবার তুলে দিতে হয়। গোসলও করাতে হয়। কারণ দুজনই শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী। সন্তানদের চিকিৎসা করাতে গিয়ে ক্রমেই নিঃস্ব হয়েছেন তাঁরা। হতদরিদ্র পরিবারটি এখন মানবেতর জীবন যাপন করছে।
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামে এ দম্পতির বাড়ি। আবুল হাসেম দিনমজুরি করেন। আনোয়ারা বেগম গৃহিণী। তাঁদের ছেলে আবদুস সোবহান (২২) ও মেয়ে মরিয়ম আক্তার (১৮) জন্ম থেকেই শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী। তাঁদের চিকিৎসার জন্য এলাকার বিভিন্ন চিকিৎসক ও হাসপাতালে নেওয়া হয়েছে। তবে অবস্থার তেমন কোনো উন্নতি হয়। খাওয়া, গোসলসহ সব কাজেই তাঁদের সাহায্য করতে হয়। বয়সের ভারে আবুল হাসেম এখন প্রায়ই অসুস্থ থাকেন। কাজ করতে যেতে পারেন না। এ কারণে কয়েক বছর ধরে সংসারে অভাব-অনটন লেগে আছে। সন্তানদের চিকিৎসাও বন্ধ।
গত মঙ্গলবার দুপুরে কান্দারগাঁও গ্রামে গিয়ে দেখা যায় আবুল হাসেম ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম দুই সন্তানকে গোসল করাচ্ছেন। দুই সন্তানকে নিয়ে কেমন কাটছে, জানতে চাইলে তাঁদের চোখে পানি চলে আসে। কান্না থামিয়ে আবুল হাসেম বলেন, ‘২২ বছর ধরে দুই ছেলেমেয়েকে নিয়ে আছি। অভাব-অনটনের মধ্যে সাধ্য অনুযায়ী তাদের চিকিৎসা ও ভরণ-পোষণ করে যাচ্ছি। এখন অসুস্থ থাকার কারণে সব সময় কাজে যেতে পারি না। তিন বেলা তাদের মুখে খাবারই তুলে দেওয়ায় দায় হয়ে পড়েছে।’
আনোয়ারা বেগম বলেন, ‘আমাদের অভাব-অনটনের কথা গ্রামের বিত্তবান ও জনপ্রতিনিধিরা সবাই জানেন। কিন্তু কেউ সহযোগিতা করতে এগিয়ে আসেননি। বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড কিংবা সরকারের কোনো সাহায্য পাচ্ছি না। গত কয়েক বছর আগে আমার মেয়ের নামে একটি প্রতিবন্ধী কার্ড দেওয়া হয়েছিল। পরে তা বন্ধ হয়ে গেছে।’
পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য কবির হোসেন বলেন, ‘আমি জানতে পেরেছি ওই দম্পতি দুই সন্তানকে নিয়ে সত্যিই মানবেতর জীবন যাপন করছেন। প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় তাঁদের সহায়তা ও প্রতিবন্ধী কার্ড দিতে পারিনি। ভবিষ্যতে অবশ্যই তাঁদের আর্থিক সহায়তা দিতে চেষ্টা করব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম বলেন, ‘এ দম্পতি ও তাঁদের সন্তানদের আরও আগেই সরকারের সহায়তা, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার কার্ড পাওয়ার দরকার ছিল। আমরা চেষ্টা করব যেন তাঁরা দ্রুত আর্থিক সহায়তা পান।’