প্রতিবন্ধী নাইছ জিপিএ ৩ দশমিক ৫৫ পেয়েছে
বগুড়ার ধুনট উপজেলায় বাবার কোলে চড়ে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সেই প্রতিবন্ধী নাইছ খাতুন জিপিএ-৩ দশমিক ৫৫ পেয়েছে। এতে আনন্দিত নাইছ ও তার পরিবার।
উপজেলার বহালগাছা গ্রামের নজরুল ইসলামের মেয়ে নাইছ। নাইছের দুটি পা আছে। তবে হেঁটে চলার শক্তি নেই। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। হেঁটে চলার শক্তি না থাকায় পরীক্ষাকেন্দ্রে আসতে হয়েছে বাবার কোলে চড়ে। নাইছ এ বছর বিশ্বহরিগাছা-বহালগাছা উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
২০০১ সালে তার জন্ম। সে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী।
নাইছ বলে, ‘ইচ্ছা থাকলে উপায় হয়, মনে এই শক্তি নিয়েই শিক্ষাজীবন শুরু করেছিলাম। কারও বোঝা হয়ে বেঁচে থাকতে চাই না। লেখাপড়া শিখে ভবিষ্যতে আদর্শ শিক্ষক হতে চাই।’
নজরুল বলেন, মেয়ে প্রতিবন্ধী হলেও লেখাপড়ার প্রতি তার ছিল প্রবল শক্তি। সেই মনের শক্তিতে এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে।
বিশ্বহরিগাছা-বহালগাছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সেজাব উদ্দিন বলেন, নাইছের লেখাপড়ার প্রতি অদম্য আগ্রহ থাকায় ভালোভাবে কৃতকার্য হয়েছে।