সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, প্রতিবন্ধী নাগরিকদের জাতীয় পরিচয়পত্রে ‘সুবর্ণ নাগরিক’ লেখার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এখনো প্রতিবন্ধী নাগরিকদের পঙ্গু, অন্ধ বা আতুড় বলা হয়। এই শব্দগুলো সমাজ থেকে চিরতরে দূর করা হবে।জাতীয় প্রতিবন্ধী ফোরামের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বুধবার জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে মন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধী নাগরিকদের চাকরির বয়সসীমা বর্তমানের ৪০ থেকে বাড়িয়ে ৪২ বছর করা হবে। এ ছাড়া প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় একটি কঠোর আইন প্রণয়নের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, সরকার প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় যথাযথ দায়িত্ব পালন করবে। তাদের আর সমাজে করুণার পাত্র হয়ে থাকতে হবে না।সভায় জাতিসংঘের প্রতিবন্ধীবিষয়ক আন্তর্জাতিক কমিটির সদস্য মনসুর আহমেদ চৌধুরী বলেন, ১৯৮১ সালে আন্তর্জাতিক প্রতিবন্ধী বর্ষে সমাজ থেকে ‘পঙ্গু’ শব্দটি বাদ দেওয়া হয়। তবে ২০১০ সালে এসেও সরকারের বিভিন্ন প্রকল্পে ‘পঙ্গু’ শব্দটি দেখে লজ্জা লাগে।বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গিয়াস উদ্দিন চৌধুরী প্রতিবন্ধীদের, বিশেষ করে শ্রবণপ্রতিবন্ধীদের রাস্তায় চলাচলের জন্য পরিচয়পত্র দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চিকিত্সক অধ্যাপক শুভাগত চৌধুরী, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, সাইট সেভারস ইন্টারন্যাশনালের দেশীয় পরিচালক ওয়াহিদুল ইসলাম, ফোরামের শুভাকাঙ্ক্ষী জুলিয়ান ফ্রান্সিস, গণগ্রন্থাগারের পরিচালক নুরুল আলম তালুকদার, কবি কাজী রোজী, সোশ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর দ্য ফিজিক্যালি ভালনারেবলের (এসএআরপিভি) প্রধান নির্বাহী শহীদুল হক প্রমুখ। আলোচনা সভার আগে ফোরামের পক্ষ থেকে বাংলা ইশারা-ভাষার প্রতি সংহতি প্রকাশ করে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণগ্রন্থাগার পর্যন্ত একটি শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। শ্রবণ ও বাকপ্রতিবন্ধীদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের লোকজন এ কর্মসূচিতে অংশ নেন। এতে বাংলা ইশারা-ভাষাকে জাতীয় ভাষা হিসেবে মর্যাদা ও রাষ্ট্রীয়ভাবে ইশারা-ভাষা দিবস পালনের জন্য আহ্বান জানানো হয়।এ ছাড়া অনুষ্ঠানে স্টেট অব দ্য রাইটস অব পারসনস উইথ ডিজ-অ্যাবিলিটিস ইন বাংলাদেশ ২০০৯ শীর্ষক বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সবশেষে প্রতিবন্ধী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।