নারী প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারের সর্বোচ্চ পর্যায়ে জাতীয় নারী প্রতিবন্ধী কাউন্সিল গঠনের প্রস্তাব করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।আকবর আলি খান বলেন, ‘নারী প্রতিবন্ধীদের উন্নয়নের সঙ্গে অনেকগুলো মন্ত্রণালয় জড়িত। তাই কোনো মন্ত্রণালয়ই সঠিকভাবে এ সমস্যার উন্নয়ন করতে পারে না। এ কারণে সরকারের সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব দিয়ে জাতীয় নারী প্রতিবন্ধী কাউন্সিল গঠন করতে হবে। এর প্রধান হবেন প্রধানমন্ত্রী। বছরে অন্তত একবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নারী প্রতিবন্ধীদের উন্নয়নকাজ মূল্যায়ন করতে হবে।’‘জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ বাস্তবায়ন ও সচেতনতা’ শীর্ষক এই জাতীয় সেমিনারের আয়োজন করে প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ।সেমিনারে বিশেষ অতিথি অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্টের (এডিডি) কান্ট্রি ডিরেক্টর মোশাররফ হোসেন বলেন, এমন একটি স্বতন্ত্র আইন থাকতে হবে, যেন সরকার প্রতিবন্ধীদের জন্য কাজ করতে বাধ্য হয়।